রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

এনসিপির শাপলা নিয়ে সিদ্ধান্ত জানিয়ে দিল ইসি

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ২৭, ২০২৫, ০৫:৪২ পিএম

এনসিপির শাপলা নিয়ে সিদ্ধান্ত জানিয়ে দিল ইসি

জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) তাদের চাওয়া 'শাপলা' প্রতীক বরাদ্দ দেবে না নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনী বিধিমালায় এই প্রতীকটি অন্তর্ভুক্ত না থাকায় কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে। ইসি এখন স্বপ্রণোদিত হয়ে দলটিকে অন্য একটি প্রতীক বরাদ্দ দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করবে।

সোমবার (২৭ অক্টোবর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।প্রতীক ইস্যুতে সিনিয়র সচিব বলেন, ‘বিধিমালায় শাপলা প্রতীক না থাকায় এনসিপিকে সেটি দেওয়ার সুযোগ নেই, এটি আমরা আগেও বলেছি। নির্বাচন কমিশন স্ববিবেচনায় অন্য প্রতীক দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করবে।’

সংবাদ সম্মেলনে আখতার আহমেদ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির বিভিন্ন দিকও তুলে ধরেন। তিনি জানান, নির্বাচনের জন্য চূড়ান্তভাবে ৪২ হাজার ৭৬১টি ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে। এসব কেন্দ্রে মোট ভোটকক্ষ থাকবে ২ লাখ ৪৪ হাজার ৬৪৯টি। এর বাইরে প্রায় ১২ হাজার অস্থায়ী ভোটকক্ষ থাকতে পারে। ইসি সচিবের তথ্যমতে, প্রতিটি ভোটকক্ষে গড়ে প্রায় তিন হাজার ভোটার ভোট দেবেন।

ইসি সচিব আরও জানান, নির্বাচনের সার্বিক কর্মপরিকল্পনা অনুযায়ী দুটি বিষয়ে কমিশন বর্তমানে কিছুটা পিছিয়ে আছে। বিষয় দুটি হলো— নতুন রাজনৈতিক দলের নিবন্ধন এবং দেশীয় পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন চূড়ান্ত করা।তবে এ নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই উল্লেখ করে আখতার আহমেদ বলেন, ‘পিছিয়ে পড়ার ক্ষেত্রে আমাদের তাগিদ আছে। কিন্তু দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার মতো কোনো কারণ আছে বলে মনে করি না।

কেননা, যতটুকু সময় আছে আমরা এর মধ্যেই সেটুকু সম্পন্ন করে নিতে পারব।’ তিনি আশা প্রকাশ করেন, চলতি সপ্তাহেই নতুন রাজনৈতিক দল ও দেশীয় পর্যবেক্ষক সংস্থার নিবন্ধনের চূড়ান্ত তালিকা প্রকাশ করা সম্ভব হবে।এছাড়া গণভোটের ব্যাপারে নির্বাচন কমিশনের কাছে এখনো কোনো তথ্য নেই বলেও সাংবাদিকদের জানান ইসি সচিব।