অক্টোবর ২৭, ২০২৫, ০৬:০৯ পিএম
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশ পুলিশের জন্য একটি বড় চ্যালেঞ্জ, তবে এই চ্যালেঞ্জ মোকাবিলার পূর্ণ সক্ষমতা পুলিশের রয়েছে। তিনি এই নির্বাচনকে পুলিশের ভাবমূর্তি পুনরুদ্ধারের একটি বড় সুযোগ হিসেবেও অভিহিত করেছেন।সোমবার (২৭ অক্টোবর) দুপুরে পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইডে অনুষ্ঠিত এক বিশেষ অপরাধ পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী, র্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান, এসবি প্রধান মো. গোলাম রসুল, অতিরিক্ত আইজি এবং ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধান, সব পুলিশ কমিশনার ও রেঞ্জ ডিআইজি উপস্থিত ছিলেন। এছাড়া সব জেলা পুলিশ সুপার ভার্চুয়ালি সভায় যুক্ত হন।
আইজিপি বলেন, অতীতে বিভিন্ন নির্বাচনকে কেন্দ্র করে পুলিশ সম্পর্কে জনমনে যে নেতিবাচক ইমেজ বা ধারণা তৈরি হয়েছে, তা থেকে বেরিয়ে আসার একটি বড় সুযোগ হলো আগামী নির্বাচন। এই সুযোগ কাজে লাগিয়ে জনগণের পূর্ণ আস্থা অর্জনে বাহিনীর সব সদস্যকে সচেষ্ট থাকতে হবে।সভায় অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খোন্দকার রফিকুল ইসলাম দেশের সার্বিক আইনশৃঙ্খলা ও অপরাধ পরিস্থিতির চিত্র তুলে ধরেন।
নির্বাচনকে সামনে রেখে পুলিশ প্রধান লুণ্ঠিত অস্ত্র উদ্ধারের তৎপরতা বাড়ানোর জন্য কঠোর নির্দেশনা প্রদান করেন। এক্ষেত্রে তিনি গোয়েন্দা তথ্য সংগ্রহের ওপর সর্বাধিক গুরুত্বারোপ করেন এবং অস্ত্র উদ্ধারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষিত পুরস্কারের বিষয়টি নিয়ে প্রচারণা বাড়ানোর ওপর জোর দেন। আইজিপি বাংলাদেশ পুলিশের চলমান নির্বাচনী প্রশিক্ষণ নিবিড়ভাবে পরিচালনার জন্যও ইউনিট প্রধানদের নির্দেশ দেন।
সেবার মান বাড়ানোর তাগিদ দিয়ে আইজিপি বলেন, কোনো ধরনের হয়রানি ছাড়াই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট যথাসময়ে প্রদান নিশ্চিত করতে হবে। তিনি 'গুম কমিশনে' জমাকৃত অভিযোগের ওপর ভিত্তি করে মামলা রুজু করার জন্য মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন। এছাড়া বৈষম্যবিরোধী আন্দোলন থেকে উদ্ভূত মামলাগুলো বিশেষ গুরুত্বসহকারে তদন্ত ও দ্রুত নিষ্পত্তির নির্দেশনা দেন তিনি। মামলা তদন্তের গুণগত মান বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন পুলিশ প্রধান।



দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন