অক্টোবর ২৭, ২০২৫, ০৭:৩৭ পিএম
জুলাই সনদ' বাস্তবায়নের রূপরেখা সম্বলিত সুপারিশমালা চূড়ান্ত করেছে জাতীয় ঐকমত্য কমিশন। আগামীকাল মঙ্গলবার (২৮ অক্টোবর) এই সুপারিশ জমা দেওয়া হবে। সোমবার (২৭ অক্টোবর) বিকেলে প্রধান উপদেষ্টা ও কমিশন সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বাসভবন, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত কমিশনের সমাপনী বৈঠকে এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।
কমিশনের এই সমাপনী বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বৈঠকে আরও উপস্থিত ছিলেন কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজসহ ৬ সদস্যের একটি প্রতিনিধি দল। এই বৈঠকের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নে কমিশনের দীর্ঘদিনের কার্যক্রমের সমাপ্তি ঘটল।
চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। কমিশনের তত্ত্বাবধানে গত ১৭ অক্টোবর জাতীয় জুলাই সনদের ঐতিহাসিক স্বাক্ষর অনুষ্ঠান আয়োজিত হয়। সেই অনুষ্ঠানে বিএনপি ও জামায়াতে ইসলামীসহ প্রথম ধাপে মোট ২৪টি রাজনৈতিক দল ও বিভিন্ন জোট এই সনদে স্বাক্ষর করে। এর দুই দিন পর, ১৯ অক্টোবর, গণফোরামও জাতীয় জুলাই সনদে স্বাক্ষর করার মাধ্যমে এই ঐকমত্Cয প্রক্রিয়ায় শামিল হয়।
বিভিন্ন রাজনৈতিক দল ও নাগরিক সমাজের মতামতের ভিত্তিতে প্রণীত এই জুলাই সনদের আইনি ও কাঠামোগত বাস্তবায়নের পথনকশা কী হবে, সে বিষয়েই জাতীয় ঐকমত্য কমিশন এতদিন কাজ করেছে। আগামীকাল মঙ্গলবার কমিশনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই সুপারিশমালা জমা দেওয়া হবে, যা জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন