অক্টোবর ২৮, ২০২৫, ১০:১২ এএম
রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের যোদ্ধাদের আত্মত্যাগ জাতিকে ঐক্যবদ্ধ করার পাশাপাশি দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠা ও ভবিষ্যতের অগ্রযাত্রার পথকে সুগম করেছে।সোমবার (২৭ অক্টোবর) রাষ্ট্রপতির সরকারি বাসভবন বঙ্গভবনে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এসময় তার সঙ্গে ন্যাশনাল ডিফেন্স কোর্স (এনডিসি) ও আর্মড ফোর্সেস ওয়ার কোর্সের (এএফডব্লিউসি) একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎ অনুষ্ঠানে রাষ্ট্রপতি উপস্থিত অতিথিদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। একইসঙ্গে তিনি ২০২৪ সালের জুলাই-আগস্ট অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের কথাও বিশেষভাবে স্মরণ করেন। রাষ্ট্রপতি বলেন, জুলাই যোদ্ধাদের এই নিঃস্বার্থ আত্মত্যাগ আমাদের ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার পথকে মসৃণ করেছে।
রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে সশস্ত্রবাহিনীর ভূমিকার প্রশংসা করেন। তিনি মুক্তিযুদ্ধ, জাতিসংঘের শান্তিরক্ষা মিশন এবং পার্বত্য চট্টগ্রাম এলাকায় শান্তি প্রতিষ্ঠায় সশস্ত্রবাহিনীর সদস্যদের আত্মত্যাগের প্রতি গভীর সম্মান জানান। রাষ্ট্রপতি যেকোনো জাতীয় সংকট, দুর্যোগ মোকাবেলা এবং বিশ্বশান্তি প্রতিষ্ঠায় সশস্ত্রবাহিনীর গুরুত্বপূর্ণ অবদানের কথাও তুলে ধরেন।
অনুষ্ঠানে রাষ্ট্রপতি কোর্সে অংশগ্রহণকারী সদস্যদের নিজ নিজ ক্ষেত্রে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে কাজ করার আহ্বান জানান। এ সময় অন্যান্যের মধ্যে রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী, জন বিভাগের সচিব খান মো. নুরুল আমিনসহ সশস্ত্র বাহিনী ও রাষ্ট্রপতির কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন