বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০২৬,

জাতীয় নির্বাচনে সবচেয়ে বেশি থাকবে আনসার: স্বরাষ্ট্র উপদেষ্টা

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ২৮, ২০২৫, ১২:২০ পিএম

জাতীয় নির্বাচনে সবচেয়ে বেশি থাকবে আনসার: স্বরাষ্ট্র উপদেষ্টা

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা অন্য যেকোনো বাহিনীর তুলনায় সবচেয়ে বেশি সংখ্যায় নিয়োজিত থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে রাজধানীর খিলগাঁওয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরে ‘আনসার ওয়েলফেয়ার ট্রাস্ট’-এর ট্রান্সপোর্ট সার্ভিসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনে আনসার সদস্যদের অবদান সবচেয়ে বেশি। আসন্ন নির্বাচনে প্রতিটি ভোটকেন্দ্রে মোট ১৩ জন আনসার সদস্য নিয়োজিত থাকবেন। এই ১৩ জনের মধ্যে তিন জন অস্ত্রসহ এবং বাকি ১০ জন অস্ত্রবিহীন অবস্থায় দায়িত্ব পালন করবেন। অস্ত্রবিহীন ১০ জনের মধ্যে ৬ জন পুরুষ এবং ৪ জন নারী সদস্য থাকবেন।তিনি আরও জানান, এবারের নির্বাচনে একটি বিশেষ পদক্ষেপ হিসেবে প্রত্যেক প্রিজাইডিং অফিসারের নিরাপত্তায় অস্ত্রসহ একজন করে আনসার সদস্য মোতায়েন করা হবে, যা এবারই প্রথম। নির্বাচনে মোট ৯ দিন আনসার সদস্যরা এই দায়িত্বে নিয়োজিত থাকবেন।

মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বাংলাদেশ আনসার ও ভিডিপি বাহিনী দেশের নিরাপত্তা, শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং জাতীয় উন্নয়নের প্রতিটি পর্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তারা নিষ্ঠা, দায়িত্ববোধ ও দেশপ্রেমের সঙ্গে জাতির সেবায় নিয়োজিত। তাই বাহিনীর প্রতিটি সদস্যের কর্মজীবনের মানোন্নয়ন ও কল্যাণ নিশ্চিত করা রাষ্ট্রের নৈতিক দায়িত্ব।

এই কল্যাণ নিশ্চিত করার অংশ হিসেবেই বাংলাদেশ আনসার ওয়েলফেয়ার ট্রাস্টের নিজস্ব অর্থায়নে মোট ৩১টি যানবাহন কেনা হয়েছে। এর মধ্যে রয়েছে ৯টি ট্রুপস ক্যারিয়ার, ১৪টি কাভার্ড ভ্যান, ৪টি বড় বাস, ২টি মিনি বাস এবং ২টি অ্যাম্বুলেন্স। তিনি বলেন, বাহিনীর সদস্যদের ছুটি, ভ্রমণ ও অন্যান্য প্রয়োজনে যাতায়াতজনিত ভোগান্তি লাঘব করতেই এই ট্রান্সপোর্ট সার্ভিস চালু করা হলো।

অবৈধ অস্ত্র উদ্ধারের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, প্রতিদিনই অস্ত্র উদ্ধার হচ্ছে এবং এটি একটি চলমান প্রক্রিয়া। গত পরশুদিনও ৮টি অস্ত্র উদ্ধার হয়েছে। তিনি বলেন, এরকম উদ্ধার হতেই থাকবে এবং নির্বাচন যত ঘনিয়ে আসবে, অস্ত্র উদ্ধারের তৎপরতা আরও বাড়তে থাকবে।অনুষ্ঠানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদসহ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।