অক্টোবর ২৮, ২০২৫, ০২:৪৮ পিএম
জনপ্রিয় ইসলামী বক্তা ও ধর্মীয় চিন্তাবিদ ড. জাকির নায়েকের প্রথমবারের মতো বাংলাদেশে আসার গুঞ্জন উঠলেও এ বিষয়ে কিছুই জানে না পররাষ্ট্র মন্ত্রণালয়। সম্প্রতি একটি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান জানায়, আগামী ২৮ নভেম্বর ড. জাকির নায়েকের ঢাকায় আসার কথা রয়েছে। তবে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় এই সফরের বিষয়ে অবগত নয়।মঙ্গলবার (২৮ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাম্প্রতিক বিভিন্ন বিষয় নিয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন এ তথ্য জানান।
ড. জাকির নায়েকের ঢাকায় আসার সম্ভাব্য তারিখ ও সফরসূচি সম্পর্কে জানতে চাওয়া হলে উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, তিনি এই বিষয়টি সাংবাদিকদের কাছ থেকেই প্রথম শুনছেন। মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে এ ধরনের কোনো সফরের বিষয়ে অবগত নয় বা এ নিয়ে কোনো কার্যক্রম চলছে না।
এদিকে, আলাপকালে পররাষ্ট্র উপদেষ্টা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিদেশি পর্যবেক্ষক সংস্থার অংশগ্রহণ নিয়েও কথা বলেন। তিনি জানান, নির্বাচনকালে বিদেশি পর্যবেক্ষকদের আমন্ত্রণ জানানোর বিষয়টি নির্বাচন কমিশন দেখভাল করবে। তবে সরকার চায় না, অহেতুক বিতর্ক তৈরি করতে পারে এমন কাউকে পর্যবেক্ষক হিসেবে আনা হোক।
আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠান নিয়ে বন্ধুরাষ্ট্রগুলোর কোনো সংশয় নেই বলেও মন্তব্য করেন তৌহিদ হোসেন। এছাড়া, চীনের সঙ্গে ঢাকার সম্পর্ক নিয়ে যুক্তরাষ্ট্রসহ অন্য দেশের উদ্বেগের কোনো কারণ নেই বলেও তিনি উল্লেখ করেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন