ডিসেম্বর ১৯, ২০২৫, ০৭:২১ পিএম
আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ প্রবাস জীবন শেষে দেশে ফেরার জন্য তিনি ট্রাভেল পাস (ভ্রমণ নথিপত্র) পেয়েছেন। আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) লন্ডনের বাংলাদেশ হাইকমিশন থেকে তিনি এই নথি হাতে পান।
শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে তারেক রহমানের কন্যা জাইমা জারনাজ রহমান তাঁর ব্যক্তিগত ফেসবুক স্ট্যাটাসে এই সুখবর নিশ্চিত করেছেন।
তিনি লিখেছেন,আলহামদুলিল্লাহ, বাবা আজ কিছুক্ষণ আগে ট্রাভেল ডকুমেন্ট হাতে পেয়েছেন। তারেক রহমান দেশে ফেরার আবেদন করার পর থেকেই জাতীয় রাজনীতিতে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়েছিল।
এদিকে, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে বেশ স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা। শুক্রবার বিকেলে এক সংবাদ সম্মেলনে তাঁর ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন এই তথ্য জানান।ডা. জাহিদ বলেন,বেগম খালেদা জিয়া গত ২৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। আলহামদুলিল্লাহ, গত এক মাসের তুলনায় উনার অবস্থা এখন অনেক বেশি স্থিতিশীল।
আজ তাঁর শরীরে একটি ছোট অস্ত্রোপচার (প্রসিডিউর) অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে। বর্তমানে তিনি আইসিইউ সুবিধাসম্পন্ন কেবিনে মেডিকেল বোর্ডের সার্বক্ষণিক তত্ত্বাবধানে আছেন।তিনি তারেক রহমান ও তাঁর পরিবার এবং দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে বেগম জিয়ার দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তারেক রহমানের এই প্রত্যাবর্তন বিএনপির রাজনীতিতে নতুন গতির সঞ্চার করবে। বিশেষ করে শহীদ শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে সৃষ্ট বর্তমান অস্থিতিশীল পরিস্থিতিতে তাঁর দেশে ফেরার ঘোষণা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দলীয় সূত্র জানায়, ২৫ ডিসেম্বর তারেক রহমানের ঢাকা পৌঁছানোর খবরে রাজধানীসহ সারাদেশে আনন্দ মিছিলের প্রস্তুতি নিচ্ছেন নেতাকর্মীরা।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন