শুক্রবার, ০৯ অক্টোবর, ২০২৬,

জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে: খেলাফত মজলিস

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ১৯, ২০২৫, ০৮:৩৩ পিএম

জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে: খেলাফত মজলিস

ফ্যাসিবাদী ও আধিপত্যবাদী শক্তির নীলনকশায় পরিকল্পিতভাবে জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে শহীদ করা হয়েছে বলে মন্তব্য করেছেন খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বাদ জুমা রাজধানীর বায়তুল মোকাররম উত্তর গেটে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।

ড. আহমদ আব্দুল কাদের বলেন, হাদিকে গুলি করার পর ঘাতকরা পরিকল্পিতভাবে পার্শ্ববর্তী দেশ ভারতে পালিয়ে গেছে। তিনি অবিলম্বে ওই ঘাতকদের বাংলাদেশে ফিরিয়ে এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

পতিত ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের অপতৎপরতা রুখতে জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে। জুলাই যোদ্ধাসহ দেশের সকল নাগরিকের জানমালের সুরক্ষায় রাষ্ট্রকে অবশ্যই যথাযথ নিরাপত্তা নিশ্চিত করতে হবে।সমাবেশে বক্তারা বলেন, হাদি হত্যার মাধ্যমে জুলাই বিপ্লবের চেতনাকে নস্যাৎ করার চেষ্টা চলছে। এই সংকটময় মুহূর্তে দেশপ্রেমিক জনতাকে কোনো উসকানিতে পা না দিয়ে ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করার আহ্বান জানানো হয়।

খেলাফত মজলিস ঢাকা মহানগরী দক্ষিণ সভাপতি অধ্যাপক মাওলানা আজীজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন, মাওলানা আহমদ আলী কাসেমী এবং যুগ্ম মহাসচিব অধ্যাপক আব্দুল জলিল। সমাবেশটি পরিচালনা করেন শাখা সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল হোসেন।

বিক্ষোভ সমাবেশ শেষে একটি বিশাল মিছিল বায়তুল মোকাররম থেকে শুরু হয়ে পল্টন মোড় প্রদক্ষিণ করে। মিছিলে অংশগ্রহণকারীরা হাদি হত্যার বিচার ও জুলাই যোদ্ধাদের রাষ্ট্রীয় নিরাপত্তার দাবিতে বিভিন্ন স্লোগান দেন।