শুক্রবার, ০৯ অক্টোবর, ২০২৬,

চলমান হামলার ঘটনায় নির্বাচনকে অনিশ্চিত করার ষড়যন্ত্র বলছে বিএনপি

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ১৯, ২০২৫, ১১:৩৩ পিএম

চলমান হামলার ঘটনায় নির্বাচনকে অনিশ্চিত করার ষড়যন্ত্র বলছে বিএনপি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ড এবং পরবর্তী সময়ে দেশের বিভিন্ন গণমাধ্যম ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলার ঘটনাকে আগামী জাতীয় নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণের প্রক্রিয়াকে অনিশ্চিত করার গভীর ষড়যন্ত্র বলে অভিহিত করেছে বিএনপি।

শুক্রবার (১৯ ডিসেম্বর) রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির জরুরি বৈঠক শেষে এই প্রতিক্রিয়া জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল বলেন, সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ওসমান হাদির অকাল মৃত্যুতে বিএনপি গভীরভাবে শোকাহত। তিনি এই কাপুরুষোচিত হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে ঘাতকদের গ্রেপ্তার ও বিচারের আওতায় আনার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

হাদির মৃত্যুকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে বিএনপি মহাসচিব বলেন:গতকাল মাঝরাতে দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টারসহ কয়েকটি পত্রিকার কার্যালয়ে অগ্নিসংযোগ করা হয়েছে। দেশবরেণ্য সাংবাদিক নূরুল কবীরের ওপর আক্রমণ এবং ছায়ানটসহ বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলা চালানো হয়েছে। এই ঘৃণ্য ঘটনা প্রমাণ করে একটি চিহ্নিত মহল দেশকে পরিকল্পিতভাবে নৈরাজ্যের পথে ধাবিত করতে চায়।মির্জা ফখরুল অভিযোগ করেন, সরকারের নাকের ডগাতেই এসব অরাজকতা চলছে।

তিনি বলেন, “গণতান্ত্রিক অধিকার নস্যাৎ করে দেশে ফ্যাসিবাদের একটি নতুন সংস্করণ তৈরি করার চেষ্টা চলছে। সরকারের ভূমিকা এ ক্ষেত্রে সন্তোষজনক নয়, যা দেশ-বিদেশে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে।”শান্তিকামী দেশবাসীকে সতর্ক করে দিয়ে বিএনপি মহাসচিব বলেন, অনেক রক্তের বিনিময়ে অর্জিত এই দেশকে ধ্বংস হতে দেওয়া হবে না। ষড়যন্ত্র প্রতিহত করতে সকল রাজনৈতিক ও সামাজিক শক্তিকে আবারও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “যে ঐক্যের মাধ্যমে আমরা ফ্যাসিবাদের পতন ঘটিয়েছি, সেই ধারা বজায় রেখেই নির্বাচন ও গণতন্ত্র রক্ষা করতে হবে।”