ডিসেম্বর ২০, ২০২৫, ১০:৫৩ এএম
জুলাই বিপ্লবের বীর সেনানী এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির জানাজায় দল-মতের ঊর্ধ্বে উঠে সর্বস্তরের মানুষকে দলে-দলে অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ শনিবার (২০ ডিসেম্বর) সকালে এক ফেসবুক পোস্টে তিনি এই উদাত্ত আহ্বান জানান।
শহীদ হাদির জানাজায় শরিক হতে নিজের পূর্বনির্ধারিত লন্ডন সফর সংক্ষিপ্ত করে আজ সকালেই ঢাকা পৌঁছেছেন জামায়াত আমির।
বিমানবন্দর থেকে তিনি সরাসরি হাদির মরদেহ দেখতে যান এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সাথে দেখা করেন। আবেগঘন এক বার্তায় তিনি বলেন:শহীদ ওসমান হাদির পরিবারের সদস্যদের সঙ্গে কথা হয়েছে; কিন্তু এমন শোকের মুহূর্তে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা আমার জানা নেই।
মহান আল্লাহ এই পরিবারকে এবং দেশবাসী সবাইকে সবরে জামিল দান করুন।শহীদ হাদিকে কোনো বিশেষ দল বা গোষ্ঠীর গণ্ডিতে সীমাবদ্ধ না রাখার আহ্বান জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, শহীদ ওসমান হাদি কোনো দল বা মতের নন, তিনি এই দেশের সারভৌমত্বের প্রতীক। দেশের এই বীর সন্তানকে সর্বোচ্চ সম্মান জানানো আমাদের সবার দায়িত্ব। তাঁর স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণের দায়ভারও আমাদের সবার। শহীদ ওসমান হাদি হোক আমাদের ঐক্যের প্রতীক।
আজ শনিবার দুপুর ২টায় জাতীয় সংসদ ভবন সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউতে (দক্ষিণ প্লাজা) শহীদ শরিফ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাঁকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করার কথা রয়েছে।উল্লেখ্য, ১২ ডিসেম্বর সন্ত্রাসীদের গুলিতে আহত হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার রাতে শাহাদাত বরণ করেন হাদি। তাঁর মৃত্যুতে আজ দেশজুড়ে রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন