শুক্রবার, ০৯ অক্টোবর, ২০২৬,

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল হঠাৎ অসুস্থ

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ২০, ২০২৫, ১২:৫৫ পিএম

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল হঠাৎ অসুস্থ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। শুক্রবার দিবাগত গভীর রাতে তিনি ভাইরাসজনিত সংক্রমণে আক্রান্ত হন বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে। শনিবার দুপুরে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এই তথ্য নিশ্চিত করেছেন।

বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করছেন।শায়রুল কবির খান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী এখন নিজ বাসায় অবস্থান করছেন।

তার শারীরিক অবস্থা খুব একটা গুরুতর না হলেও সংক্রমণের কারণে শরীর দুর্বল হয়ে পড়েছে। চিকিৎসকরা তাকে আপাতত কয়েকদিন পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।

শারীরিক অবস্থা নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনীয় ওষুধ সেবন করছেন তিনি। আগামী কয়েকদিন তার নির্ধারিত রাজনৈতিক কর্মসূচিগুলো স্থগিত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।এর আগে শুক্রবার রাতেও তাকে বেশ সক্রিয় দেখা গেছে। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠক শেষে তিনি নিজেই সাংবাদিকদের সামনে উপস্থিত হয়ে সভার সিদ্ধান্তগুলো তুলে ধরেন। গভীর রাত পর্যন্ত রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যস্ত থাকার পর বাসায় ফেরার কিছু সময় পরেই তিনি অসুস্থতা বোধ করেন। তার হঠাৎ অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে দলীয় নেতা-কর্মীদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়।

বিএনপির শীর্ষ নেতারা মহাসচিবের দ্রুত সুস্থতা কামনা করেছেন। দলের পক্ষ থেকে জানানো হয়েছে ভাইরাসজনিত সংক্রমণের কারণে সৃষ্ট জ্বর ও শারীরিক দুর্বলতা কাটিয়ে উঠতে কিছুটা সময়ের প্রয়োজন। বর্তমানে বাসার বাইরে তার কোনো কর্মসূচি রাখা হয়নি। রাজনৈতিক অস্থিরতা ও দেশের চলমান পরিস্থিতিতে দলের গুরুত্বপূর্ণ এই নেতার সুস্থতা এখন নেতা-কর্মীদের কাছে প্রধান প্রার্থনা হয়ে দাঁড়িয়েছে। চিকিৎসকরা আশা করছেন যথাযথ বিশ্রামে থাকলে খুব শীঘ্রই তিনি সুস্থ হয়ে রাজনৈতিক কর্মকাণ্ডে ফিরতে পারবেন।