রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬,

মহাসমাবেশ নিয়ে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ২৭, ২০২৫, ০৯:৫৬ পিএম

মহাসমাবেশ নিয়ে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক গুরুত্বপূর্ণ বৈঠক শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের আমীর ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে রাজধানীর কেন্দ্রীয় কার্যালয়ে এই সভা সম্পন্ন হয়। বৈঠকে সংগঠনের নায়েবে আমীরগণ, সেক্রেটারি জেনারেল এবং সহকারী সেক্রেটারি জেনারেলগণসহ নির্বাহী পরিষদের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আগামী ৩ জানুয়ারি শনিবার ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। এই মহাসমাবেশকে সফল করার লক্ষ্যে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার উদাত্ত আহ্বান জানিয়েছে দলটির নির্বাহী পরিষদ।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটবদ্ধ হয়ে নির্বাচনের লক্ষ্যে আসন সমঝোতা এবং রাজনৈতিক কৌশল নিয়ে বৈঠকে বিশদ আলোচনা করা হয়।

বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি ও আইন-শৃঙ্খলার বিষয়ে জামায়াত নেতৃবৃন্দ তাদের দলীয় অবস্থান ও ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময় করেন।বৈঠক শেষে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, দেশে ন্যায় ও সত্য প্রতিষ্ঠা করে আগামী দিনের বাংলাদেশকে একটি শান্তি ও কল্যাণ রাষ্ট্রে পরিণত করাই তাদের মূল লক্ষ্য।

এ লক্ষ্যে সর্বস্তরের জনগণকে ৩ জানুয়ারির মহাসমাবেশে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের অনুরোধ জানানো হয়েছে।বিশেষত, ২০২৬ সালের নির্বাচনকে সামনে রেখে জামায়াতের এই মহাসমাবেশকে তাদের সাংগঠনিক শক্তি প্রদর্শনের একটি বড় ক্ষেত্র হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।