বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

এনসিপিতে যোগ দিলেও নির্বাচনে অংশ নেবেন না আসিফ

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ২৯, ২০২৫, ০৭:১৩ পিএম

এনসিপিতে যোগ দিলেও নির্বাচনে অংশ নেবেন না আসিফ

জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন জুলাই অভ্যুত্থানের সম্মুখসারির নেতা ও অন্তর্বর্তী সরকারের সদ্য সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম এই তথ্য নিশ্চিত করেন।

সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম জানান, আসিফ মাহমুদ এনসিপিতে যোগ দিলেও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন না।

তবে তাকে দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি এনসিপির মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন। পাশাপাশি দলটির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হিসেবেও তিনি কাজ করবেন।

 আসিফ মাহমুদ এর আগে ঢাকা-১০ এবং কুমিল্লা-৩ (মুরাদনগর) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহের গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত তিনি লড়াই থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। দলীয় সূত্রমতে, সারা দেশে দলের নির্বাচনী প্রচারণা ও সংগঠনের সমন্বয় করার জন্য তিনি নিজে থেকেই নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

এদিকে, আরেক প্রভাবশালী সহযোদ্ধা মাহফুজ আলম এনসিপিতে যোগ না দেওয়ার সিদ্ধান্ত আগেই জানিয়ে দিয়েছেন। ফলে আসিফ মাহমুদের এই যোগদান এনসিপির জন্য একটি বড় সাংগঠনিক শক্তি হিসেবে দেখা হচ্ছে।সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম আরও বলেন, আসিফ মাহমুদের নেতৃত্বে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটি সারা দেশে জোটের প্রার্থীদের বিজয়ী করতে নিরলসভাবে কাজ করে যাবে।