জানুয়ারি ২২, ২০২৬, ০৪:৫৮ পিএম
কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জনপ্রিয় ইসলামী বক্তা মুফতি আমির হামজা জুলাই বিপ্লবের শহীদদের কবর জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচারণা শুরু করেছেন। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ১১টায় কুষ্টিয়া পৌর কেন্দ্রীয় গোরস্থানে দলীয় নেতাকর্মীদের নিয়ে তিনি এই কর্মসূচি পালন করেন।
শহীদদের স্মরণে দোয়া ও মোনাজাত শেষে তিনি উপস্থিত সাধারণ মানুষ ও গণমাধ্যমকর্মীদের সামনে আগামীর বাংলাদেশ নিয়ে তার দলের পরিকল্পনার কথা তুলে ধরেন।
কবর জিয়ারত শেষে মুফতি আমির হামজা বলেন, “আলাইহি ওয়া সাল্লামের আদর্শে একটি ইনসাফভিত্তিক সমাজ গড়াই আমাদের লক্ষ্য। আমরা আগামীর মেধাবী ও সাহসী তরুণদের নিয়ে এমন এক বাংলাদেশ গড়তে চাই যা জুলুম, অত্যাচার, নির্যাতন, দখলদারি ও চাঁদাবাজিমুক্ত হবে।
তিনি দেশি-বিদেশি সকল ষড়যন্ত্র মোকাবিলায় দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। আমির হামজা আরও বলেন, গত ১৭ বছর দেশে নির্বাচনি পরিবেশ ছিল না, শুধু নামের নির্বাচন হয়েছে। ২০২৪ সালের জুলাই বিপ্লবের মাধ্যমে ছাত্র-জনতা যে সুবর্ণ সুযোগ তৈরি করে দিয়েছে, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে তার পূর্ণতা দিতে হবে।বক্তব্যে তিনি জুলাই অভ্যুত্থানে প্রাণ হারানো শহীদদের সর্বোচ্চ আত্মত্যাগের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
তিনি বলেন, “কুরআনের ঘোষণা অনুযায়ী শহীদরা অমর। তাদের এই ত্যাগের কারণেই আজ আমরা মুক্ত পরিবেশে কথা বলতে পারছি এবং একটি নিরপেক্ষ নির্বাচনের স্বপ্ন দেখছি।” তিনি কুষ্টিয়া সদর আসনের ভোটারদের উদ্দেশে বলেন, যারা সৎ, যোগ্য এবং ইসলামের জন্য নিবেদিতপ্রাণ, তাদের পক্ষেই সাধারণ মানুষের থাকা উচিত।প্রচারণার প্রথম দিনে তার এই কর্মসূচিতে কুষ্টিয়া শহর জামায়াতের আমির এনামুল হকসহ জেলা জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, মুফতি আমির হামজা তার রাজনৈতিক বক্তব্যের কারণে সাম্প্রতিক সময়ে বেশ আলোচনায় রয়েছেন। গত কয়েক দিনে তাকে হত্যার হুমকি ও মানহানির মামলার মতো নানা প্রতিকূলতা সত্ত্বেয় তিনি দমে না গিয়ে বিপুল উৎসাহে ভোটারদের দ্বারে দ্বারে যাওয়ার ঘোষণা দিয়েছেন। কুষ্টিয়ার নির্বাচনি মাঠে তার এই সরব উপস্থিতি সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক কৌতূহল সৃষ্টি করেছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন