ফেব্রুয়ারি ১৩, ২০২৬, ১০:৫৩ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ (সদর) আসনে বিজয়ী হওয়ার পর এক অনন্য রাজনৈতিক সৌজন্য প্রদর্শন করেছেন আলোচিত ইসলামী বক্তা ও জামায়াত মনোনীত প্রার্থী মুফতি আমির হামজা। শুক্রবার সন্ধ্যায় তিনি কুষ্টিয়া জেলা বিএনপি কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে পরাজিত বিএনপি প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকারের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় আমির হামজা বিজয়ের আনন্দ ভাগ করে নিতে জাকির সরকারকে নিজ হাতে মিষ্টিমুখ করান যা উপস্থিত নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহের সৃষ্টি করে।
নির্বাচনী মাঠের তীব্র লড়াই শেষে এমন বন্ধুত্বপূর্ণ আচরণ কুষ্টিয়ার সাধারণ মানুষের কাছে প্রশংসিত হচ্ছে। সৌজন্য বিনিময়কালে মুফতি আমির হামজা বলেন যে ভোটের লড়াই কেবল একটি গণতান্ত্রিক প্রক্রিয়া ছিল। এখন সময় কুষ্টিয়া সদরের উন্নয়নের জন্য কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার।
তিনি কুষ্টিয়ার সার্বিক অগ্রগতি নিশ্চিত করতে জাকির হোসেন সরকারের দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা ও সহযোগিতা কামনা করেন। তিনি স্পষ্ট করেন যে কোনো প্রকার ভেদাভেদ বা প্রতিহিংসা নয় বরং সেবার মানসিকতা নিয়েই তিনি সংসদে যাচ্ছেন।
প্রকৌশলী জাকির হোসেন সরকারও অত্যন্ত সহাস্য চিত্তে মুফতি আমির হামজাকে স্বাগত জানান। তিনি জনগণের রায়কে সম্মান জানিয়ে আমির হামজাকে তার বিজয়ের জন্য অভিনন্দন জানান এবং এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সব ধরনের সমর্থনের আশ্বাস দেন। এ সময় কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি সূজা উদ্দিন জোয়ার্দার এবং শহর জামায়াতের আমির এনামুল হকসহ বিএনপি ও জামায়াতের জেলা পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে কুষ্টিয়া-৩ আসনে মুফতি আমির হামজা দাঁড়িয়েপাল্লা প্রতীকে ১ লাখ ৮০ হাজার ৬৯০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের জাকির হোসেন সরকার পেয়েছেন ১ লাখ ২৬ হাজার ৯৩৯ ভোট। বড় ব্যবধানের এই জয়ের পর মুফতি আমির হামজার বিএনপি অফিসে যাওয়ার ঘটনাটি এলাকায় একটি সুস্থ ও সুন্দর রাজনৈতিক ধারার সূচনা হিসেবে দেখা হচ্ছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন