মার্চ ৩, ২০২৬, ০২:০৯ পিএম
জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও সংবিধান সংস্কার পরিষদ নিয়ে হাইকোর্টের দেওয়া আদেশের প্রেক্ষিতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। মঙ্গলবার (৩ মার্চ) সংগঠনটির দপ্তর সম্পাদক শাহাদত হোসেন স্বাক্ষরিত এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিবৃতিতে জানানো হয়, আজ মঙ্গলবার বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক মধুর ক্যান্টিনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
মূলত জুলাই জাতীয় সনদ ও সংস্কার পরিষদের সদস্যদের শপথ গ্রহণের বৈধতা নিয়ে উচ্চ আদালতের সাম্প্রতিক রুলের বিষয়ে সংগঠনের অবস্থান তুলে ধরতেই এই জরুরি ডাক দেওয়া হয়েছে।
এর আগে আজ সকালে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ এবং গণভোট অধ্যাদেশ কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ গ্রহণ কেন অবৈধ হবে না, রুলে সেটিও জানতে চাওয়া হয়েছে। বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলাম শাহীনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন।
মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব, জাতীয় ঐকমত্য কমিশন ও প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টদের আগামী চার সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম ও আইনজীবী সৈয়দ মামুন মাহবুব। অন্যদিকে রিটের বিরোধিতা করেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ হোসেন লিপু এবং অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনিরসহ অন্যান্য আইনজীবীরা।
এর আগে সোমবার জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট অধ্যাদেশের বৈধতা চ্যালেঞ্জ করে পৃথক রিট দায়ের করা হয়েছিল। এই আইনি প্রক্রিয়ার মাধ্যমে সংস্কার কার্যক্রমের ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনার সৃষ্টি হওয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তাদের পরবর্তী পদক্ষেপ ও সংগঠনের প্রতিক্রিয়া জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন