রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬,

ঢাকায় সমাবেশ করবে বিএনপি, প্রধান অতিথি তারেক রহমান

দিনাজপুর টিভি ডেস্ক

এপ্রিল ২৩, ২০২৬, ১০:০১ পিএম

ঢাকায় সমাবেশ করবে বিএনপি, প্রধান অতিথি তারেক রহমান

নয়াপল্টনে সমাবেশের প্রস্তুতি

মহান মে দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক বিশাল জনসমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি। জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে সশরীরে উপস্থিত থাকবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার ২৩ এপ্রিল বিকেলে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন প্রস্তুতি কমিটির এক বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এই সমাবেশের বিস্তারিত কর্মসূচি ঘোষণা করেন। তিনি জানান, ১ মে মহান মে দিবস উপলক্ষে আয়োজিত এই সমাবেশে সভাপতিত্ব করবেন শ্রমিক দলের কেন্দ্রীয় সভাপতি আনোয়ার হোসেন। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া দলের সিনিয়র নেতৃবৃন্দ এবং শ্রমিক অধিকার আন্দোলনের সঙ্গে যুক্ত ব্যক্তিরা সমাবেশে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করবেন।

সংবাদ সম্মেলনে নজরুল ইসলাম খান বলেন, শ্রমজীবী মানুষের নায্য মজুরি নিশ্চিত করা এবং কর্মস্থলে তাদের স্বাস্থ্য ও নিরাপত্তার দাবিগুলো এখনো পুরোপুরি পূরণ হয়নি। জীবন-জীবিকার নিরাপত্তা নিশ্চিত করতে শ্রমিক দল দীর্ঘকাল ধরে লড়াই চালিয়ে যাচ্ছে এবং সেই ধারাবাহিকতায় এবারের মে দিবসের সমাবেশ থেকে নতুন কর্মসূচি ঘোষণা করা হতে পারে। তিনি আরও উল্লেখ করেন যে, বিএনপি বর্তমানে রাষ্ট্রীয় ক্ষমতায় থাকলেও শ্রমিকদের মৌলিক অধিকারগুলো আরও সুসংহত করতে নানাবিধ উদ্যোগের প্রয়োজন রয়েছে। 

বিশেষ করে দলের নির্বাচনি ইশতেহারে শ্রমজীবী মানুষের জন্য যেসকল প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সেগুলো বাস্তবায়নের বিষয়ে সরকার বদ্ধপরিকর।তিনি দাবি করেন যে, বর্তমান সরকারের সময় কৃষিশ্রমিক ও ক্ষুদ্র কৃষকদের কল্যাণে বেশ কিছু ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এর মধ্যে কৃষি ঋণ মওকুফের বিষয়টি অত্যন্ত কার্যকর হিসেবে প্রমাণিত হয়েছে। পাশাপাশি বিদ্যমান শ্রম আইন সংশোধন করে একে আরও শ্রমিকবান্ধব করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি সংবাদ সম্মেলনে জানান। তবে তিনি সতর্ক করে বলেন যে, এখনো অনেক ক্ষেত্রে সংশোধনীর প্রয়োজনীয়তা রয়েছে। শ্রমিকদের কেবল উৎপাদক প্রাণী হিসেবে বিবেচনা না করে সমাজের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তাদের যথাযথ সম্মান ও মূল্যায়ন করার আহ্বান জানান তিনি।

নয়াপল্টনে আয়োজিত এই সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, শ্রমিক দলের প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস এবং শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেনসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। মে দিবসের এই সমাবেশ সফল করতে সকল স্তরের শ্রমজীবী মানুষ ও দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে নয়াপল্টনে যোগ দেওয়ার উদাত্ত আহ্বান জানিয়েছেন নজরুল ইসলাম খান। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তারেক রহমানের সরাসরি উপস্থিতিতে এই সমাবেশ বিএনপির দলীয় শক্তির এক বড় ধরনের প্রদর্শন হতে পারে।