মে ১, ২০২৬, ১০:০০ এএম
প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবারের মতো ঢাকায় পহেলা মে শ্রমিক সমাবেশে বক্তব্য দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (১ মে) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশের আয়োজন করা হয়েছে। জাতীয়তাবাদী শ্রমিক দলের এই সমাবেশে লাখো শ্রমজীবী মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতির প্রত্যাশা করছে বিএনপি।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সমাবেশের বিস্তারিত তথ্য জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান।
তিনি জানান, মে দিবস উপলক্ষে আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ ছাড়া বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্ষ নেতারা সমাবেশে বক্তব্য দেবেন।
নজরুল ইসলাম খান তাঁর বক্তব্যে উল্লেখ করেন, এবারের মে দিবস একটি বিশেষ প্রেক্ষাপটে পালিত হচ্ছে। দীর্ঘ সময় ধরে ন্যূনতম মজুরির জাতীয় বেতন স্কেল ঘোষণা না হওয়া এবং আউটসোর্সিং নিয়োগ বৃদ্ধির মতো বিষয়গুলো শ্রমিকদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তিনি অভিযোগ করেন, অতীতে নিয়মিতভাবে বিভিন্ন সরকারি পদ বিলুপ্ত করে আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ দেওয়ায় শ্রমের ক্ষেত্র সংকুচিত হয়েছে। এর পাশাপাশি পাটসহ বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাতগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দেশীয় শিল্পের পরিবর্তে বিদেশি পণ্যের ওপর নির্ভরতা বেড়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বর্তমান পরিস্থিতিতে শিক্ষিত বেকারত্ব বৃদ্ধিও শ্রমবাজারের জন্য একটি বড় সংকট। সমাবেশ থেকে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় অবাধ ট্রেড ইউনিয়ন গঠন, শোভন কাজের পরিবেশ, নিরাপদ কর্মক্ষেত্র এবং রেশনিং ব্যবস্থা চালুর দাবি জানানো হবে। বিএনপি নেতারা আশা করছেন, রাজধানী ও এর আশপাশের এলাকা থেকে লাখ লাখ শ্রমজীবী মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই সমাবেশে অংশ নেবেন।
আজকের এই সমাবেশকে কেন্দ্র করে সকাল থেকেই নয়াপল্টন ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। দলীয় কার্যালয়ের সামনে বড় আকারের মঞ্চ তৈরি করা হয়েছে এবং মাইক লাগানো হয়েছে বিভিন্ন সড়কে। শ্রমজীবী মানুষের এই বিশাল জমায়েতকে ঘিরে নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন