রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬,

বৃষ্টির বাধা উপেক্ষা করে নয়াপল্টনে শ্রমিক দলের বড় জমায়েত

দিনাজপুর টিভি ডেস্ক

মে ১, ২০২৬, ০৩:২৩ পিএম

বৃষ্টির বাধা উপেক্ষা করে নয়াপল্টনে শ্রমিক দলের বড় জমায়েত

নয়াপল্টনে শ্রমিক সমাবেশ

মহান মে দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে জাতীয়তাবাদী শ্রমিক দলের বিশাল সমাবেশ শুরু হয়েছে। শুক্রবার (১ মে) দুপুর আড়াইটায় নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে এই সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে গুরুত্বপূর্ণ ভাষণ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের। 

সমাবেশে সভাপতিত্ব করছেন শ্রমিক দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।এর আগে সকাল থেকেই বৃষ্টির বাধা উপেক্ষা করে ঢাকা মহানগরের বিভিন্ন ইউনিটসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হতে থাকেন। 

নেতাকর্মীদের হাতে ছিল জাতীয় ও দলীয় পতাকা এবং মে দিবস উপলক্ষে বিভিন্ন দাবি সংবলিত ব্যানার-ফেস্টুন। প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও নয়াপল্টন ও এর আশপাশের এলাকায় বিপুল সংখ্যক শ্রমিকের উপস্থিতি দেখা গেছে।

শ্রমিক দল নেতা আব্দুল্লাহ আল মামুনের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে মূল কর্মসূচির সূচনা হয়। বর্তমানে মঞ্চে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখছেন। তাঁরা শ্রমিকের অধিকার রক্ষা এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তাঁদের করণীয় নিয়ে আলোকপাত করছেন।

সমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ ও সাদা পোশাকের গোয়েন্দা সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। এদিকে সমাবেশের কারণে নয়াপল্টন ও এর আশপাশের সড়কে যান চলাচল কিছুটা সীমিত হয়ে পড়েছে।