রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬,

নিষিদ্ধ ছাত্রলীগের দেড় মিনিটের ঝটিকা মিছিল

দিনাজপুর টিভি ডেস্ক

মে ১, ২০২৬, ০৭:২৯ পিএম

নিষিদ্ধ ছাত্রলীগের দেড় মিনিটের ঝটিকা মিছিল

পটিয়ায় ছাত্রলীগের মিছিল

চট্টগ্রামের পটিয়ায় কারাবন্দি নেতা-কর্মীদের মুক্তির দাবিতে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা। শুক্রবার (১ মে) জুমার নামাজের পর চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া মনসা এলাকায় এই কর্মসূচি পালন করা হয়।স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, জুমার নামাজের পরপরই মহাসড়কের মনসা এলাকায় ছাত্রলীগের একদল নেতা-কর্মী হঠাৎ মিছিলে অংশ নেন।

তাঁরা কারাবন্দি দলীয় নেতা-কর্মীদের মুক্তি এবং বর্তমান সরকারের বিভিন্ন সিদ্ধান্তের সমালোচনা করে স্লোগান দেন। নেতা-কর্মীদের হাতে থাকা ব্যানারেও সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান লেখা ছিল।

এই ঝটিকা মিছিলটি মোহাম্মদ জাহেদ নামের এক ছাত্রলীগ নেতার ফেসবুক আইডি থেকে সরাসরি প্রচার করা হয়। প্রায় এক থেকে দেড় মিনিটের এই মিছিল শেষে অংশগ্রহণকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে সরে যান। মহাসড়কে হঠাৎ এই ঝটিকা মিছিলকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল হক ঝটিকা মিছিলের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশের পক্ষ থেকে মিছিলের খবর পাওয়ার পর বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। এই ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।