সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬,

এরা আসলে মেরে ফেলার জন্য চেষ্টা করছে :ডা. মাহমুদা মিতু

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ৩০, ২০২৬, ০৩:৪৯ পিএম

এরা আসলে মেরে ফেলার জন্য চেষ্টা করছে :ডা. মাহমুদা মিতু

ছবি : সংগৃহীত

সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি বহরে অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। শহীদ পরিবারের সঙ্গে নির্ধারিত কর্মসূচি শেষ করে ঢাকায় ফেরার পথে এই হামলার শিকার হন এনসিপি নেত্রী ও সংসদ সদস্য ডা. মাহমুদা মিতুসহ দলের বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা।সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে ডা. মাহমুদা মিতু অভিযোগ করেছেন, গোলাপগঞ্জ এলাকা অতিক্রম করার সময় তাদের বহনকারী গাড়ি লক্ষ্য করে এই হামলা চালানো হয়। 

ওই বহরে তার সঙ্গে সারজিস আলমসহ অন্যান্য শীর্ষস্থানীয় নেতারাও উপস্থিত ছিলেন। হামলাকারীরা অতর্কিতভাবে গাড়ির ডান পাশের এবং পেছনের কাচ গুড়িয়ে দেয়। সেই মুহূর্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কার্যকর কোনো পদক্ষেপ নেননি বলে অভিযোগ করেন তিনি।পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক বলে উল্লেখ করেছেন এনসিপি নেতারা।

এর আগে গত মঙ্গলবার হবিগঞ্জেও এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও মুখ্য সংগঠক সারজিস আলমের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছিল। ওই দিন সন্ধ্যায় শহরের স্টাফ কোয়ার্টার এলাকায় প্রতিপক্ষের ধাওয়ার মুখে পড়েন তারা। ধারাবাহিক এসব অপ্রীতিকর ঘটনার পর দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা ও উৎকণ্ঠা তৈরি হয়েছে।ঘটনার পর সংশ্লিষ্ট এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে বলে পুলিশ প্রশাসন সূত্রে জানানো হয়েছে।