জুলাই ২৮, ২০২৬, ০৫:০৫ পিএম
দেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায় দীর্ঘদিন ধরে তাদের ন্যায্য অধিকার ও সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত রয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি স্পষ্ট করে বলেন যে, তাদের জমি জবরদখল রোধের পাশাপাশি শিক্ষা ও কর্মসংস্থানের সকল স্তরে বিদ্যমান বৈষম্য দূর করতে বর্তমান সরকার ইতোমধ্যে বিভিন্ন কার্যকর উদ্যোগ গ্রহণ করেছে।
সমাজের পিছিয়ে থাকা এই জনগোষ্ঠীর সার্বিক জীবনমান উন্নয়নে দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সকলকে একসঙ্গে কাজ করার উদাত্ত আহ্বান জানান তিনি।মঙ্গলবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় আয়োজিত ওই অনুষ্ঠানে স্থানীয় ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারের মাঝে সেলাই মেশিন, বাইসাইকেল, শিক্ষাবৃত্তির চেক এবং ঘর বরাদ্দপত্র বিতরণ করা হয়।
মন্ত্রী তার বক্তব্যে উল্লেখ করেন যে, সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠী মানুষের কল্যাণে সরকার ইতিমধ্যে একশো কোটি টাকার একটি বিশেষ তহবিল গঠন করেছে। এই তহবিল থেকে উদ্যোক্তা হতে আগ্রহী এবং ক্ষুদ্র ব্যবসা শুরু করতে ইচ্ছুক ব্যক্তিরা সহজ শর্তে আর্থিক সহায়তা লাভ করবেন। এছাড়া নারীর ক্ষমতায়ন ও যুবসমাজের উন্নয়নে ফ্যামিলি কার্ডসহ নানা কর্মসূচি চালু করা হয়েছে।
অনুষ্ঠানে জেলা প্রশাসক রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন এবং জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিনসহ স্থানীয় প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। স্থানীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর মেয়েরা জাতীয় পর্যায়ে খেলাধুলায় কৃতিত্ব অর্জন করায় তাদের ভূয়সী প্রশংসা করেন মন্ত্রী। নিজেদের অধিকার আদায়ে তাদের আরও সোচ্চার হওয়ার পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার অনুরোধ জানান তিনি।সবাইকে নিয়ে একটি বৈষম্যহীন ও উন্নত বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে অনুষ্ঠান শেষ হয়।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন