সেপ্টেম্বর ৩০, ২০২৫, ০৪:১৪ পিএম
মুসলিম বিশ্বের ছয়জন প্রভাবশালী আলেম আগামী নভেম্বর মাসে বাংলাদেশে আসছেন। আগামী ১৫ নভেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক খতমে নবুওয়ত সম্মেলনে তারা অংশগ্রহণ করবেন। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) এই তথ্য নিশ্চিত করেছেন খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা উবাইদুল্লাহ কাসেমি।
তিনি জানান, খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশের আমির মাওলানা আবদুল হামিদ পীর সাহেব মধুপুরির আমন্ত্রণে এই আলেমরা বাংলাদেশ সফরে আসছেন।
আগত আলেমরা হলেন:
-
মাওলানা ফজলুর রহমান (জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের সভাপতি)
-
মাওলানা সাইয়েদ আরশাদ মাদানি (ভারতের প্রভাবশালী ধর্মীয় নেতা ও জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি)
-
মাওলানা আবুল কাসেম নোমানি (দারুল উলুম দেওবন্দের প্রিন্সিপাল, ভারত)
-
মাওলানা সাইয়েদ মাহমুদ মাদানি (ভারত)
-
মাওলানা ওমর হাফিজ মক্কি (মক্কা শরিফের)
-
মাওলানা আবদুর রউফ মক্কি
উবাইদুল্লাহ কাসেমি আরও জানান, মাওলানা ফজলুর রহমান পাকিস্তানিসহ অন্য আলেমদেরকে ইতোমধ্যে আনুষ্ঠানিক দাওয়াত প্রদান করা হয়েছে এবং তারা সবাই এই দাওয়াত কবুল করেছেন।
খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ-এর মিডিয়া সমন্বয়ক মুফতি ইমরানুল বারী সিরাজী বলেন, খতমে নবুওয়ত সম্মেলন বাস্তবায়নে জোরালো প্রস্তুতি চলছে। সম্মেলনটি সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের উদ্যোগে এবং খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ-এর তত্ত্বাবধানে আয়োজন করা হচ্ছে।
পীর সাহেব মধুপুরী দেশের সকল ঈমানদার মুসলিমদের উপস্থিত থেকে খতমে নবুওয়তের (মুহাম্মদ (সা.) শেষ নবী) পবিত্র আকিদা সংরক্ষণের আহ্বানে শামিল হওয়ার জন্য বিশেষ অনুরোধ জানিয়েছেন।
উল্লেখ্য, ইসলামি পরিভাষায় মুহাম্মদকে (সা.) শেষ নবী হিসেবে মেনে নেওয়াকে খতমে নবুয়ত বলে। পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা বলেছেন, “মুহাম্মদ (সা.) তোমাদের কোনো পুরুষের পিতা নন, তিনি আল্লাহর রাসুল এবং সর্বশেষ নবী, আর আল্লাহ সকল বিষয়ে সর্বজ্ঞ।”


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন