মে ২, ২০২৬, ০৬:১৮ পিএম
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া জয়নাল আবেদীন (৫৪) নামে এক ব্যক্তির আত্মীয়-স্বজনের খোঁজ পাওয়া যাচ্ছে না। তাঁর মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে অজ্ঞাত অবস্থায় পড়ে আছে।দিনাজপুর কোতোয়ালি থানা পুলিশ জানিয়েছে, গত ২৫ এপ্রিল বিকেল ৩টা ১৫ মিনিটে জয়নাল নামে ওই ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়।
সে সময় তাঁর ঠিকানা দেওয়া হয়েছিল দিনাজপুর শহরের উপশহর ৩ নম্বর ব্লকের বাসিন্দা আব্দুল করিমের ছেলে। পরবর্তীতে গত ২৯ এপ্রিল বিকেল ৩টা ১৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
পুলিশের তদন্তে দেখা গেছে, ভর্তির সময় মৃত ব্যক্তির দেওয়া নাম-ঠিকানায় অনুসন্ধান চালিয়ে কোনো আত্মীয়-স্বজনের খোঁজ পাওয়া যায়নি। পরে পিবিআই দিনাজপুর ওই ব্যক্তির আঙুলের ছাপের (ফিঙ্গার প্রিন্ট) মাধ্যমে জাতীয় পরিচয়পত্র যাচাই করে তাঁর আসল পরিচয় শনাক্ত করে।
পিবিআইয়ের তথ্য অনুযায়ী, মৃত ব্যক্তির নাম মো. জয়নাল আবেদীন। তাঁর বাবার নাম আব্দুল করিম এবং মায়ের নাম ময়না খাতুন। তাঁর স্থায়ী ঠিকানা কুড়িগ্রাম জেলার চিলমারী থানার বালাবাড়ী ডাকঘরের কিসামত বানু গ্রামে। তবে বর্তমান ঠিকানা হিসেবে ঢাকার পুরানা পল্টন এলাকার ৫৮/২ হোল্ডিংয়ের একটি বাসার তথ্য পাওয়া গেছে।
দিনাজপুর কোতোয়ালি থানা পুলিশ জানিয়েছে, পরিচয় শনাক্ত হলেও এখন পর্যন্ত জয়নাল আবেদীনের কোনো স্বজন পুলিশের সঙ্গে যোগাযোগ করেননি। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। মামলা নম্বর-৩৯/২৬। বর্তমানে তাঁর মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তাঁর স্বজনদের সন্ধান পেতে পুলিশ কাজ করছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন