বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬,

দিনাজপুরে প্রতিবন্ধীদের মাঝে অনুদান অর্থ বিতরণ

মো: মামুনুর রশিদ

মে ১৬, ২০২৬, ০৩:৩৪ পিএম

দিনাজপুরে প্রতিবন্ধীদের মাঝে অনুদান অর্থ বিতরণ

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরে একশত জন দরিদ্র প্রতিবন্ধী ক্ষুদ্র ব্যবসায়ীর মাঝে আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে। আজ শনিবার (১৬ মে) দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই অর্থ তুলে দেন দিনাজপুর-৩ সদর আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। ভিউ ফাউন্ডেশন এবং উত্তোরণ প্রতিবন্ধী সংস্থা যৌথভাবে এই বিশেষ মানবিক কর্মসূচির আয়োজন করে।

অনুষ্ঠানে নারী ও পুরুষ মিলে মোট একশত জন প্রতিবন্ধীর মাঝে ৪০ লাখ ৭০ হাজার টাকা নগদ বিতরণ করা হয়।ঢাকা বারিধারা রোটারী ক্লাবের প্রত্যক্ষ সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভিউ ফাউন্ডেশনের ট্রাস্টি এবং বারিধারা রোটারী ক্লাবের সাবেক সভাপতি রোটারিয়ান আলী আসফাক এফসিএ। 

বিশেষ অতিথি হিসেবে এতে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন রোটারী ক্লাব অব বারিধারা ঢাকার বর্তমান প্রেসিডেন্ট মেহেরুন-এন-ইসলাম এবং দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল। 

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত সবাইকে স্বাগত জানিয়ে ভিউ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মো: সাইফুল খান শাহিন তাঁর শুভেচ্ছা বক্তব্য পেশ করেন।প্রধান অতিথির বক্তব্যে এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম বলেন, প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয় বরং উপযুক্ত কর্মসংস্থান পেলে তারাও দেশের সামগ্রিক উন্নয়নের সমান অংশীদার হতে পারে। এই অনুদান শুধু সাময়িক অর্থ সাহায্য নয়, এটি একটি জীবন গড়ার স্বপ্নকে বাস্তবায়ন করার সাহস জোগাবে।

 

নিজেকে কখনো প্রতিবন্ধী না ভেবে সঠিক কারিগরি প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন উত্তোরণ প্রতিবন্ধী সংস্থার নির্বাহী পরিচালক আশরাফুল আলম এবং পুরো কর্মসূচিটি অত্যন্ত সফলভাবে সঞ্চালনা করেন অনামিকা পান্ডে।