সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬,

‍‍`শিশুদের শ্রমে নয় শিক্ষার আলোয় গড়তে হবে‍‍` — বীরগঞ্জে ইউএনও

মোজাম্মেল হক

জুন ২৯, ২০২৬, ০৩:৩৭ পিএম

‍‍`শিশুদের শ্রমে নয় শিক্ষার আলোয় গড়তে হবে‍‍` — বীরগঞ্জে ইউএনও

দিনাজপুরের বীরগঞ্জে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে শিশুশ্রমমুক্ত সুন্দর সমাজ গড়ার সুনির্দিষ্ট অঙ্গীকার নিয়ে এই কল্যাণমূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠান শেষে উপজেলার ৩৯টি ঝুঁকিপূর্ণ দরিদ্র পরিবারের মাঝে স্বাবলম্বী হওয়ার লক্ষ্যে নগদ অর্থ ও সেলাই মেশিন বিতরণ করা হয়।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিবেদিতা দাসের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমা খাতুন। তিনি তাঁর বক্তব্যে বলেন, শিশুশ্রম একটি মারাত্মক সামাজিক ব্যাধি। শিশুদের ঝুঁকিপূর্ণ শ্রমে না পাঠিয়ে শিক্ষার আলোয় আলোকিত করে গড়ে তুলতে হলে আমাদের সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। অনগ্রসর ও ঝুঁকিতে থাকা পরিবারগুলোর আর্থিক সক্ষমতা নিশ্চিত করা গেলে দেশ থেকে শিশুশ্রম অনেকাংশে কমে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বীরগঞ্জ উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে সম্পন্ন হওয়া এই অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা প্রদান করে বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বীরগঞ্জ এরিয়া প্রোগ্রাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা তারিকুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহজিদা হক, বাংলাদেশ শ্রমিক দল উপজেলা শাখার আহ্বায়ক আজাহারুল ইসলাম রাজা, 

পৌর যুবদলের সদস্য সচিব মোকারম হোসেন চৌধুরী পলাশ এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এরিয়া এপি ম্যানেজার রবার্ট কমল সরকার। স্বাবলম্বী হওয়ার জন্য প্রতি পরিবারকে নগদ ১০ হাজার টাকা ও একটি করে নতুন সেলাই মেশিন প্রদান করা হলে উপকারভোগীরা গভীর সন্তোষ প্রকাশ করেন এবং নিজেদের সন্তানদের নিয়মিত বিদ্যালয়ে পাঠানোর দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।