সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬,

উপজেলা প্রশাসনের উদ্যোগে পলাশবাড়ী ইউনিয়ন বাল্যবিবাহ মুক্ত ঘোষণা

মোজাম্মেল হক

আগস্ট ১২, ২০২৬, ০৬:০৭ পিএম

উপজেলা প্রশাসনের উদ্যোগে পলাশবাড়ী ইউনিয়ন বাল্যবিবাহ মুক্ত ঘোষণা

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

আঠারোর আগে বিয়ে নয়, আমরা করব পৃথিবীটা জয়"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জে উপজেলার দুই নম্বর পলাশবাড়ী ইউনিয়নকে বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ইউনিয়ন হিসেবে ঘোষণা করা হয়েছে। বুধবার দুপুরে পলাশবাড়ী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বীরগঞ্জ এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রামের যৌথ সহযোগিতায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক ও অভিভাবকদের উপস্থিতিতে এই ঘোষণা দেওয়া হয়।পলাশবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহম্মদ সিদ্দিকী মানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিবেদিতা দাস।প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন যে একটি বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত সমাজ গড়ে তোলার ক্ষেত্রে প্রশাসন কিংবা সরকারের একার চেষ্টার পাশাপাশি সামাজিক ও নৈতিক দায়িত্ব পালন করা সবার কর্তব্য। 

অল্প বয়সে বিয়ে হলে মেয়েদের শিক্ষা ও স্বাস্থ্যঝুঁকি মারাত্মকভাবে বাড়ে এবং শিশুদের স্বাভাবিক বেড়ে ওঠার পথে শিশুশ্রম প্রধান বাধা সৃষ্টি করে। এই অর্জন চিরস্থায়ী করতে প্রশাসন, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় জনগণকে একসঙ্গে কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এডিপি ম্যানেজার রবার্ট কমল সরকার এবং ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবু তাহের।

বক্তারা বলেন যে পলাশবাড়ী ইউনিয়নকে বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত ঘোষণা করার এই উদ্যোগ অন্যান্য এলাকার জন্য একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে। অনুষ্ঠান শেষে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিশু ফোরামের সদস্য ও সচেতন নাগরিকরা এই সামাজিক কার্যক্রমে পূর্ণ সমর্থন জানান।