মার্চ ৯, ২০২৬, ১২:১৩ পিএম
দিনাজপুরের পার্বতীপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক ঝটিকা অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। রবিবার (৮ মার্চ) সন্ধ্যা ৮টার দিকে উপজেলার ৫নং চন্ডিপুর ইউনিয়নের বড় হরিপুর মুন্সিপাড়া গ্রামে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে ১০২ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।
আটককৃত ব্যক্তির নাম আশিকুর রহমান মিন্টু (৪৩)। তিনি ওই গ্রামের মৃত আবু তালেবের ছেলে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অধিদপ্তরের কর্মকর্তা মো. আঃ রহমানের নেতৃত্বে একটি চৌকস দল বড় হরিপুর মুন্সিপাড়া গ্রামে অভিযান চালায়।
এ সময় মিন্টুকে ১০২ বোতল ফেনসিডিলসহ হাতেনাতে আটক করা হয়।অভিযান শেষে জব্দকৃত মাদকদ্রব্য ও আটক ব্যক্তিকে পার্বতীপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট কর্মকর্তার উপস্থিতিতে একটি মামলা দায়ের করা হয়েছে (দিনাজপুর পিআর মামলা নং ২১৩/২৬)। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, সীমান্ত এলাকা দিয়ে মাদকের অনুপ্রবেশ ঠেকাতে এবং অভ্যন্তরীণ বাজারে মাদকের সরবরাহ বন্ধে এই ধরনের সাঁড়াশি অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। মাদকের বিরুদ্ধে প্রশাসনের `জিরো টলারেন্স` নীতি বাস্তবায়নে স্থানীয়দের সহযোগিতাও কামনা করেন তারা।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন