বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬,

পার্বতীপুরে তেল চুরির মহোৎসব: ৪ সড়কে মিলল অবৈধ দোকান

মহসিন আলী

মার্চ ২০, ২০২৬, ১১:২০ পিএম

পার্বতীপুরে তেল চুরির মহোৎসব: ৪ সড়কে মিলল অবৈধ দোকান

পার্বতীপুরে অবৈধ তেলের দোকান | ছবিঃ দিনাজপুর টিভি

দিনাজপুরের পার্বতীপুর উপজেলার গুরুত্বপূর্ণ চারটি প্রধান সড়ক জুড়ে গড়ে উঠেছে অর্ধশতাধিক অবৈধ তেলের দোকান। দিনাজপুর রোড, ফুলবাড়ি রোড, সৈয়দপুর রোড এবং বদরগঞ্জ রোডের সংযোগস্থলকে কেন্দ্র করে গড়ে ওঠা এসব দোকানে প্রকাশ্যেই চলছে চোরাই জ্বালানি তেল কেনাবেচা। স্থানীয়দের অভিযোগ প্রশাসনের কার্যকর নজরদারি না থাকায় এই অসাধু ব্যবসা দিন দিন বিস্তৃত হচ্ছে এবং তেল চুরির ঘটনা পাল্লা দিয়ে বাড়ছে। 

মূলত পার্বতীপুর তেল ডিপো থেকে বিভিন্ন গন্তব্যে জ্বালানি নিয়ে যাওয়ার সময় ট্যাঙ্কলরির চালক ও সহকারীরা নির্দিষ্ট কিছু পয়েন্টে গাড়ি থামিয়ে তেল নামিয়ে এসব দোকানে সরবরাহ করেন। পরে অসাধু ব্যবসায়ীরা সেই তেল সাধারণের কাছে উচ্চমূল্যে বিক্রি করে বিপুল অর্থ হাতিয়ে নিচ্ছেন।

অভিযোগ রয়েছে যে এই অবৈধ ব্যবসা পরিচালনা করে অনেক দোকানদার অল্প সময়ের ব্যবধানে বিপুল সম্পদের মালিক বনে গেছেন। এলাকার সচেতন মহল এই বিষয়টিকে রাষ্ট্রীয় সম্পদের অপচয় এবং আইনের শাসনের চরম অবমাননা হিসেবে দেখছেন। সাধারণ মানুষের দাবি দীর্ঘদিন ধরে এই সিন্ডিকেট সক্রিয় থাকলেও তাদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে না। 

এতে করে তেল চুরির চক্রটি আরও বেপরোয়া হয়ে উঠেছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত এই অবৈধ দোকানগুলো উচ্ছেদের পাশাপাশি তেল পরিবহনের ক্ষেত্রে কঠোর মনিটরিং নিশ্চিত করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। বিশেষ করে তেলের ডিপো থেকে লরি বের হওয়ার পর গন্তব্যে পৌঁছানো পর্যন্ত প্রতিটি স্তরে স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি হয়ে পড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অপরাধ দমনে দ্রুত অভিযান পরিচালনা না করলে এই সংকট আরও ঘনীভূত হওয়ার আশঙ্কা রয়েছে।