রবিবার, ০১ নভেম্বর, ২০২৬,

জ্বালানি সংকট নিরসনে সরকারের নতুন সিদ্ধান্ত, আজ থেকে কার্যকর

দিনাজপুর টিভি ডেস্ক

এপ্রিল ২০, ২০২৬, ১০:৩৫ এএম

জ্বালানি সংকট নিরসনে সরকারের নতুন সিদ্ধান্ত, আজ থেকে কার্যকর

দেশে চলমান জ্বালানি সংকট মোকাবিলায় এবং সাধারণ মানুষের চাহিদা বিবেচনায় জ্বালানি তেলের সরবরাহ বাড়ানোর বড় সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। সোমবার (২০ এপ্রিল) থেকে কার্যকর হয়েছে এই নতুন নির্দেশনা। মূলত বাজারে তেলের প্রবাহ স্বাভাবিক রাখতে এবং পাম্পগুলোতে তেলের ঘাটতি কমাতে সরকার এই পদক্ষেপ নিয়েছে বলে জানা গেছে। 

গত রোববার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে বিপিসি সংশ্লিষ্ট বিপণন কোম্পানিগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয়।নতুন এই সিদ্ধান্তের ফলে বাজারে ডিজেল ও পেট্রোলের সরবরাহ আগের তুলনায় অন্তত ১০ শতাংশ বৃদ্ধি পাবে। 

অন্যদিকে অকটেনের সরবরাহ বাড়ানো হয়েছে ২০ শতাংশ হারে। এর আগে তেল বিক্রির ক্ষেত্রে বিপিসি গত বছরের একই সময়ের বিক্রির পরিমাণকে ভিত্তি ধরে সরবরাহ নিয়ন্ত্রণ করছিল। তবে বর্তমান পরিস্থিতির ভয়াবহতা ও জনগণের চাহিদার কথা বিবেচনা করে সেই সীমা এবার বাড়িয়ে দেওয়া হলো। 

ফলে দেশের বিভিন্ন প্রান্তের ফিলিং স্টেশনগুলোতে এখন থেকে আরও বেশি পরিমাণে জ্বালানি তেল পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।এদিকে সরকারের এই সরবরাহ বাড়ানোর সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ। সংগঠনের সভাপতি মো. নাজমুল হক এই উদ্যোগকে স্বাগত জানালেও বর্তমান চাহিদার তুলনায় এটি এখনও পুরোপুরি পর্যাপ্ত নয় বলে মন্তব্য করেছেন। তাঁর মতে, সরবরাহ আরও বাড়ানো গেলে গ্রাহকদের দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার ভোগান্তি যেমন কমবে, তেমনি পাম্পগুলোর ব্যবসায়িক স্থিতি ফিরে আসবে। 

উল্লেখ্য, বিশ্ববাজারে অস্থিরতার জেরে গত শনিবার সরকার দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়িয়েছে। বর্তমানে প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা এবং অকটেন ১৪০ টাকা দরে বিক্রি হচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, সরবরাহ বৃদ্ধির এই নতুন সিদ্ধান্ত পরিবহন ও কৃষি খাতে স্বস্তি ফিরিয়ে আনবে। তবে তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে বিপিসিকে নিয়মিত তদারকি চালিয়ে যেতে হবে বলে বিশেষজ্ঞরা অভিমত দিয়েছেন।