অক্টোবর ২৩, ২০২৫, ০৯:৫৮ এএম
দেশের বাজারে স্বর্ণের দামে বড় ধরনের পতন ঘটেছে। প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম একলাফে ৮ হাজার ৩৮৬ টাকা কমানো হয়েছে। নতুন এই দাম আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) থেকে সারা দেশে কার্যকর হবে।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) বুধবার (২২ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এই দাম কমানোর ঘোষণা দেয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবি বা খাঁটি স্বর্ণের দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন দর অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৮ হাজার ৯৯৬ টাকা। এর আগে দেশের বাজারে স্বর্ণের সর্বোচ্চ দাম ছিল ২ লাখ ১৭ হাজার ৩৮২ টাকা।
আজকের স্বর্ণের বাজারদর:
-
২২ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ৮ হাজার ৯৯৬ টাকা।
-
২১ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৯৯ হাজার ৫০১ টাকা।
-
১৮ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৭০ হাজার ৯৯৪ টাকা।
-
সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১ লাখ ৪২ হাজার ২১৯ টাকা।
শুধু স্বর্ণই নয়, রুপার দামও কমানো হয়েছে। ভরিতে ৭৩৫ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি রুপার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৪৭০ টাকা।
বাজুস জানিয়েছে, ক্রেতাদের স্বর্ণালংকার কেনার সময় বিক্রয়মূল্যের সঙ্গে অবশ্যই সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করে মূল্য পরিশোধ করতে হবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন