রকিবুল হাসান মুন্না
নভেম্বর ২৪, ২০২৫, ০৭:৩১ পিএম
ছবি-দিনাজপুর টিভি
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) সিনিয়র-জুনিয়র পরিচয়ের আড়ালে বর্বরোচিত র্যাগিংয়ের ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছেন এক শিক্ষার্থী। বাংলা বিভাগের ১৬তম ব্যাচের কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ১৭তম ব্যাচের শিক্ষার্থীদের মানসিক ও শারীরিকভাবে নির্যাতনের অভিযোগ উঠেছে।
গুরুতর আহত শিক্ষার্থীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।রবিবার (২৩ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল 'বিজয় ২৪'-এর ছাদে এই ঘটনা ঘটে।
ঘটনার বিবরণ: ভুক্তভোগী শিক্ষার্থী মিজান, তানজিম ও আশরাফ জানান, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকেই ১৬তম ব্যাচের কয়েকজন শিক্ষার্থী নিয়মিত তাদের প্রতি অশালীন ভাষা ব্যবহার করতেন এবং ভয়ভীতি প্রদর্শন করতেন।
তাদের অভিযোগ, রবিবার সন্ধ্যায় পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়। ক্লাস রিপ্রেজেন্টেটিভকে (সিআর) জরুরি কথা বলার নাম করে ডেকে নেওয়ার পর আরও কয়েকজনকে বিজয় ২৪ হলের ছাদে যেতে বলা হয়।ভুক্তভোগী শিক্ষার্থী দ্বীন ইসলাম জানান, ছাদে নিয়ে যাওয়ার পর তাকে কানে জোরে থাপ্পড় মারা হয়। হঠাৎ আঘাতে তার কান মুহূর্তেই শ্রবণক্ষমতা সাময়িকভাবে হারিয়ে ফেলে। সহপাঠীরা তাকে দ্রুত নিচে নামিয়ে এনে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
এ ঘটনায় অভিযুক্তদের মধ্যে রয়েছেন আব্দুল্লাহ আল মামুন (প্রধান অভিযুক্ত), রাফি আহমেদ, মো. তামি, মেঘনাদ, আজিজুল, ফাহিম, মনিরুল ও সাকিল ফরহাদ।অভিযুক্তের অস্বীকার ও প্রশাসনিক ব্যবস্থা: প্রধান অভিযুক্ত আব্দুল্লাহ আল মামুনের সঙ্গে যোগাযোগ করা সম্ভব না হলেও, ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন শিক্ষার্থী জানান, মামুন ঘটনাটি অস্বীকার করে বলেছেন, "ওভাবে কিছু করা হয়নি, শুধু একটু হাত দিয়েছি।"
এদিকে, ঘটনার পর বিজয় ২৪ হলের প্রভোস্ট মো. আমির শরীফ জানান, র্যাগিং সংক্রান্ত অভিযোগের বিষয়ে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে। ঘটনার তদন্তের জন্য সহকারী প্রভোস্ট ড. এ.টি.এম জিন্নাতুল বাশারকে আহ্বায়ক করে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
কমিটিকে দ্রুত তদন্ত সম্পন্ন করে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. শফিকুর রহমান জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসন সতর্ক এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে তারা প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। শিক্ষার্থীরা দ্রুত ও কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।