বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬,

বেরোবির পরিচালনায় আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার চালু হবে

রকিবুল হাসান মুন্না

নভেম্বর ২৪, ২০২৫, ০৮:৩৮ পিএম

বেরোবির পরিচালনায় আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার চালু হবে

ছবি-দিনাজপুর টিভি

রংপুরের পীরগঞ্জ উপজেলায় বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের আওতাধীন আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার পরিচালনার দায়িত্ব পেলো বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর (বেরোবি)।

এ বিষয়ে সোমবার (২৪ নভেম্বর) বিকেলে রাজধানীর আইসিটি টাওয়ারে বিশ্ববিদ্যালয় এবং হাই-টেক পার্ক কর্তৃপক্ষের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী এবং বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের পক্ষে স্বাক্ষর করেন সদস্য (যুগ্মসচিব) মোহাম্মদ সাইফুল হাসান।

তাৎপর্য: বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়, এই কেন্দ্রটি স্থানীয় অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান বৃদ্ধি এবং প্রযুক্তি খাতে দক্ষ মানবসম্পদ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই সহযোগিতা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি খাতে নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যকে সামনে রেখে একটি মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।শহীদ আবু সাঈদের জন্মভূমি পীরগঞ্জে অবস্থিত এই সেন্টারটি বেরোবির অধীনে পরিচালিত হলে উত্তরাঞ্চলের শিক্ষার্থী,

স্থানীয় তরুণ সমাজ এবং উদ্ভাবনী কাজে আগ্রহী উদ্যোক্তারা তথ্যপ্রযুক্তি-ভিত্তিক প্রশিক্ষণ, গবেষণা ও উদ্ভাবনের সুযোগ পাবেন।চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী, এনডিসি; বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক এ.কে.এম. আমিরুল ইসলাম, এনডিসি এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. হারুন-অর-রশিদ উপস্থিত থেকে চুক্তির তাৎপর্য তুলে ধরেন। এছাড়া প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মো. মিজানুর রহমানও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।