বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬,

জুনিয়র বৃত্তি পরীক্ষার নতুন নীতিমালা

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ২৬, ২০২৬, ১০:৫০ এএম

জুনিয়র বৃত্তি পরীক্ষার নতুন নীতিমালা

ছবি : সংগৃহীত

দেশের মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মেধা যাচাই ও উৎসাহিত করার লক্ষ্যে পুনরায় চালু হওয়া জুনিয়র বৃত্তি পরীক্ষার পূর্ণাঙ্গ কাঠামো ও নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রকাশিত এই নতুন নীতিমালায় পরীক্ষার মানবণ্টন, নম্বর বিভাজন এবং শিক্ষার্থী নির্বাচনের সুনির্দিষ্ট শর্তগুলো বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে। এর মাধ্যমে শিক্ষক ও শিক্ষার্থীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটেছে এবং আসন্ন ডিসেম্বরের পরীক্ষার প্রস্তুতি আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে।

ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হতে যাওয়া জুনিয়র বৃত্তি পরীক্ষার চারশ নম্বরের পূর্ণাঙ্গ মানবণ্টন ও বিভিন্ন শর্ত সংবলিত নীতিমালা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়।মঙ্গলবার মাধ্যমিক ও শিক্ষা বিভাগ থেকে প্রকাশিত এই নীতিমালায় জানানো হয়েছে যে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের মোট চারশ নম্বরের পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। 

এর মধ্যে বাংলা, ইংরেজি ও গণিত প্রতিটি বিষয়ের জন্য এক শ করে মোট তিন শ নম্বর এবং বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ে পঞ্চাশ করে মোট এক শ নম্বরের পরীক্ষা নেওয়া হবে। বাংলা, ইংরেজি ও গণিতের প্রতিটি তিন ঘণ্টার হলেও বিজ্ঞান ও বিশ্বপরিচয় পরীক্ষা একই দিনে দেড় ঘণ্টা করে মোট তিন ঘণ্টার মধ্যে সম্পন্ন হবে। এছাড়া বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত ত্রিশ মিনিট সময় বরাদ্দ রাখা হয়েছে এবং প্রয়োজনে শ্রুতিলেখকের সহযোগিতা নেওয়ার সুযোগ রাখা হয়েছে।

পরীক্ষায় অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের নির্দিষ্ট শর্তের বেড়াজাল পেরোতে হবে, যার আওতায় সপ্তম শ্রেণির মূল্যায়নের ভিত্তিতে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অন্তত বিশ থেকে সর্বোচ্চ চল্লিশ শতাংশ শিক্ষার্থীকে মনোনয়ন দেওয়া যাবে। অনলাইনে ফরম পূরণের জন্য আগামী ১ সেপ্টেম্বর থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছে, যেখানে বোর্ড ফি ও কেন্দ্র ফি বাবদ মোট ছয় শ টাকা জমা দিতে হবে। 

পরীক্ষা চলাকালীন শৃঙ্খলা বজায় রাখতে এবং যেকোনো ধরনের অনিয়ম রোধে কেন্দ্রগুলোর চারপাশে কঠোর নজরদারি এবং পরীক্ষার হলের প্রতি বেঞ্চে সর্বোচ্চ দুজন শিক্ষার্থী বসার বিধান রাখা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ফরম পূরণের প্রক্রিয়া সম্পন্ন না করলে প্রার্থীরা প্রবেশপত্র থেকে বঞ্চিত হবেন বলে বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে।