বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬,

ডাকসুর দুটি প্রকাশনায় স্থান পেল অবাঙালি সাহিত্য

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ১৫, ২০২৬, ০৩:৪৭ পিএম

ডাকসুর দুটি প্রকাশনায় স্থান পেল অবাঙালি সাহিত্য

ছবি: সংগৃহীত

ডাকসুর দুটি নতুন স্মারক সাহিত্য গ্রন্থের আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের উদ্যোগে প্রকাশিত এই দুটি গ্রন্থের একটি হলো অবাঙালি বিভিন্ন জাতিগোষ্ঠীর মাতৃভাষার সাহিত্য নিয়ে সংকলন ‘বহুমাত্রিক’ এবং অপরটি শিক্ষার্থীদের সৃজনশীল রচনায় সাজানো ‘হাতেখড়ি’। সোমবার রাত ১০টায় বিশ্ববিদ্যালয়ের নবাব আলী চৌধুরী সিনেট ভবনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাকসুর সহসভাপতি (ভিপি) আবু সাদিক কায়েম। অনুষ্ঠানে ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ যে দল-মত নির্বিশেষে সবার কল্যাণে কাজ করে, তার বাস্তব প্রমাণ এই প্রকাশনাগুলো। চর্চার অভাবে বিলুপ্তির ঝুঁকিতে থাকা চাকমা, মারমা ও ম্রোসহ বিভিন্ন ভাষা ও সাহিত্য সংরক্ষণের লক্ষ্যেই ‘বহুমাত্রিক’ প্রকাশের এই অনন্য উদ্যোগ নেওয়া হয়েছে। এর পাশাপাশি লেখালেখির কর্মশালা থেকে বাছাইকৃত লেখা নিয়ে প্রকাশিত ‘হাতেখড়ি’ স্মারকগ্রন্থটি নবীন শিক্ষার্থীদের প্রকৃত লেখক হয়ে ওঠার পথে বিশেষ প্রেরণা জোগাবে।

ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ এই দুটি গ্রন্থ সম্পাদনা করেছেন। তিনি জানান, সাহিত্য ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সব জাতিগোষ্ঠীর মানুষের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করার প্রতিশ্রুতি থেকেই তারা এই উদ্যোগ নিয়েছেন। প্রান্তিক জনগোষ্ঠীর অনেক শিক্ষার্থীই নিজেদের মাতৃভাষার লিখিত রূপ সম্পর্কে অবগত নন। সেই ঐতিহাসিক সংকট দূর করতেই চাকমা, ম্রো ও সাঁওতালসহ বিভিন্ন ভাষার ছোটগল্প, প্রবন্ধ ও কবিতার সম্মিলন ঘটিয়ে ‘বহুমাত্রিক’ সংকলনটি সাজানো হয়েছে। অন্যদিকে প্রায় সাড়ে সাতশ শিক্ষার্থীকে নিয়ে মাসব্যাপী পরিচালিত সৃজনশীল লেখালেখির কর্মশালায় অংশগ্রহণকারীদের সেরা রচনাগুলো দিয়ে ডাকসু লেখালেখি ও নাট্য কর্মশালা স্মারকগ্রন্থ ২০২৫ ‘হাতেখড়ি’ তৈরি করা হয়। 

এ নিয়ে ছাত্র সংসদ থেকে মোট ২৭টি বিভিন্ন গ্রন্থ সম্পাদনা ও প্রকাশের গৌরব অর্জন করলেন তিনি। গুরুত্বপূর্ণ এই সাহিত্য প্রকাশনায় একদল শিক্ষার্থী সহসম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। সহসম্পাদক হিসেবে কাজ করা শিক্ষার্থীরা হলেন আসিফ আব্দুল্লাহ, ফাতিমা তাসনিম জুমা, মাহিয়া বিনতে মামুন, রিয়াদুল ইসলাম যুবা, রিজওয়ান য্যুবরান মানসূরী, নুসরাত জাহান, সায়মুম ফেরদৌস, আসফাকউল্লাহ আসিফ ও সুহাইল মাহদীন। 

এছাড়া ‘হাতেখড়ি’ স্মারকগ্রন্থের ব্যবস্থাপনা ও কর্মশালার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বাংলাদেশ সাহিত্যকেন্দ্রের সভাপতি কবি আফসার নিজাম এবং নটনাট্যের সভাপতি ও নাট্য নির্দেশক হুসনে মোবারক। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ডাকসুর সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) মহিউদ্দিন খান, ডাকসুর কোষাধ্যক্ষ ড. মোশাররফ হোসেন মুন্নাসহ বিভিন্ন হলের নেতৃবৃন্দ।