জুন ৪, ২০২৬, ১২:০৭ পিএম
রসালো ফল লিচু শিশুদের খুবই প্রিয় হলেও এটি খাওয়ার ক্ষেত্রে বাড়তি সতর্কতা জরুরি। পুষ্টিবিদদের মতে, সুস্থ শিশুদের দিনে পাঁচ থেকে দশটি মাঝারি আকারের লিচু খাওয়া নিরাপদ।তবে বয়স ও শারীরিক অবস্থার ওপর ভিত্তি করে এই পরিমাণ কিছুটা ভিন্ন হয়।
দুই থেকে পাঁচ বছর বয়সী শিশুদের দিনে তিন থেকে পাঁচটি লিচু দেওয়া যেতে পারে। ছয় থেকে বারো বছর বয়সীদের জন্য নিরাপদ মাত্রা হলো পাঁচ থেকে দশটি। আর বারো বছরের বেশি বয়সীরা দিনে আট থেকে বারোটি পর্যন্ত লিচু খেতে পারবে।
খালি পেটে বা অতিরিক্ত পরিমাণে লিচু খাওয়া শিশুদের জন্য মারাত্মক বিপদের কারণ হতে পারে। কারণ এই ফলে থাকা প্রাকৃতিক চিনি কিছু শিশুর রক্তে শর্করার মাত্রা হঠাৎ কমিয়ে দেয়। বিশেষ করে যেসব শিশু অপুষ্টিতে ভুগছে, তাদের ক্ষেত্রে এই ঝুঁকি সবচেয়ে বেশি থাকে।
তা ছাড়া বেশি লিচু খেলে পেটব্যথা, অ্যালার্জি, হজমের সমস্যা কিংবা ডায়রিয়া দেখা দিতে পারে।ভিটামিন সি, পটাশিয়াম, খাদ্যআঁশ ও অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এই ফল শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর পাশাপাশি শরীরের পানির ভারসাম্য বজায় রাখে।
তাই অন্যান্য ফলের সঙ্গে সমন্বয় করে পরিমিত মাত্রায় এটি খেতে দেওয়া ভালো। তবে শিশুকে খাওয়ানোর আগে ফলগুলো ভালোভাবে ধুয়ে নিতে হবে এবং পচা বা অতিরিক্ত পাকা লিচু পুরোপুরি এড়িয়ে চলা উচিত।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন