ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ১১:০৫ এএম
গত কয়েক মাসে বাংলাদেশে একাধিকবার ভূমিকম্প অনুভূত হওয়ার ফলে জনমনে চরম আতঙ্ক বিরাজ করছে। বিশেষ করে গতকাল শুক্রবার দুপুর ১টা ৫৪ মিনিটে ৫ দশমিক ৪ মাত্রার শক্তিশালী কম্পন টের পাওয়ার পর রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানের বহুতল ভবনের বাসিন্দারা দ্রুত রাস্তায় নেমে আসেন।
এই পরিস্থিতিতে প্রযুক্তির সঠিক ব্যবহার করে ভূমিকম্পের কয়েক সেকেন্ড আগেই সতর্কবার্তা পাওয়া সম্ভব যা জীবন বাঁচাতে অত্যন্ত কার্যকর ভূমিকা রাখতে পারে।
বর্তমানে অধিকাংশ অ্যান্ড্রয়েড স্মার্টফোনেই গুগলের নিজস্ব আর্থকোয়াক অ্যালার্ট সিস্টেম নামক একটি ইনবিল্ট ফিচার রয়েছে যার মাধ্যমে কোনো বাড়তি অ্যাপ ছাড়াই এই আগাম সতর্কতা পাওয়া যায়।আপনার স্মার্টফোনে এই জীবনরক্ষাকারী ফিচারটি চালু করতে হলে প্রথমে ফোনের সেটিংস অপশনে যেতে হবে।
সেখান থেকে লোকেশন মেন্যুতে গিয়ে সেফটি অ্যান্ড এমার্জেন্সি বিভাগে প্রবেশ করতে হবে। সেখানে আর্থকোয়াক অ্যালার্টস নামক অপশনটি অন করে দিলেই আপনার ফোনটি ভূমিকম্প শনাক্ত করতে সক্ষম হবে। তবে মনে রাখতে হবে এই সুবিধাটি মূলত অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। এটি ফোনের সেন্সর ব্যবহার করে ভূ-গর্ভস্থ কম্পন বিশ্লেষণ করে এবং নিকটবর্তী এলাকায় বড় ধরনের কোনো ভূমিকম্পের সম্ভাবনা থাকলে সাথে সাথে ব্যবহারকারীকে উচ্চশব্দে সতর্ক করে দেয়।
গুগলের ইনবিল্ট সিস্টেম ছাড়াও বর্তমানে বেশ কিছু নির্ভরযোগ্য থার্ড পার্টি অ্যাপ রয়েছে যা ভূমিকম্পের তথ্য ও সতর্কতা প্রদানে অত্যন্ত দক্ষ। ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া বার্কলের উদ্যোগে তৈরি মাইশেক অ্যাপটি স্মার্টফোনের সেন্সর ব্যবহার করে কয়েক সেকেন্ড আগেই আপনাকে সতর্ক করতে পারে। এছাড়া আর্থকোয়াক নেটওয়ার্ক অ্যাপটি ফোনের অ্যাক্সিলোমিটার ব্যবহার করে কম্পন শনাক্ত করে দ্রুত সংকেত পাঠায়।
যারা লাইভ ম্যাপসহ বিশ্বব্যাপী ভূমিকম্পের আপডেট পেতে চান তাদের জন্য মাই আর্থকোয়াক অ্যালার্টস অ্যান্ড ম্যাপ অ্যাপটি বেশ জনপ্রিয়। দুর্যোগের সময় সামান্য কয়েক সেকেন্ডের এই পূর্বাভাস একজন মানুষকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার সুযোগ করে দেয় যা অপূরণীয় ক্ষতি এড়াতে সহায়ক হতে পারে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন