রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬,

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রীর ফোনালাপ

জাতীয় ডেস্ক

ফেব্রুয়ারি ২২, ২০২৬, ০৯:২৬ পিএম

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রীর ফোনালাপ

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করতে এবং বিভিন্ন খাতে সহযোগিতার পরিধি বাড়াতে একমত হয়েছেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। রোববার বিকেলে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে টেলিফোনে আলাপ করেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। 

ফোনালাপ শেষে ইসহাক দার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় দুই দেশের ভবিষ্যৎমুখী অংশীদারত্ব নিয়ে তার সন্তুষ্টির কথা জানান।পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বিকেল পাঁচটার দিকে এই ফোনালাপ অনুষ্ঠিত হয়। 

সে সময় ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপস্থিত ছিলেন। ফোনালাপ শুরুর ঠিক আগেই হাইকমিশনার পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। 

আলাপকালে ইসহাক দার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক নিয়োগের জন্য তাকে অভিনন্দন জানান এবং দুই দেশের অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনার আগ্রহ প্রকাশ করেন।দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী দক্ষিণ এশিয়ায় শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি অর্জনে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। বহুমাত্রিক বাণিজ্যিক সম্পর্কের পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক ও বহুপাক্ষিক ফোরামে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়েও তারা গুরুত্বারোপ করেন। 

ফোনালাপে দুই দেশের জনগণের কল্যাণে একটি টেকসই ও আধুনিক অংশীদারত্ব গড়ে তোলার লক্ষ্যে কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাওয়ার ব্যাপারে ঐক্যমত্য পোষণ করা হয়। বিশ্লেষকরা মনে করছেন, এই ফোনালাপের মাধ্যমে ঢাকা ও ইসলামাবাদের দীর্ঘদিনের কূটনৈতিক শীতলতা কাটিয়ে নতুন এক সহযোগিতার পথ প্রশস্ত হলো।