মে ৪, ২০২৬, ০৭:৩২ পিএম
দেশের জাতীয় মহাসড়কগুলোকে পর্যায়ক্রমে সিসি ক্যামেরার আওতায় আনার পরিকল্পনার কথা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। সোমবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের দ্বিতীয় দিনের পঞ্চম অধিবেশন শেষে সাংবাদিকদের কাছে তিনি এ তথ্য জানান। সড়ক নিরাপত্তা জোরদার এবং দুর্ঘটনা নিয়ন্ত্রণে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
মন্ত্রী জানান, প্রথমে জাতীয় মহাসড়ক এবং পরে পর্যায়ক্রমে আঞ্চলিক ও জেলা সড়কগুলোকে সিসি ক্যামেরার আওতায় আনা হবে। দেশে প্রতিবছর সড়ক দুর্ঘটনায় উল্লেখযোগ্য সংখ্যক মানুষের প্রাণহানি ঘটে, যা কমাতে নজরদারি বৃদ্ধি করা জরুরি।
সিসি ক্যামেরা স্থাপনের মাধ্যমে ট্রাফিক ব্যবস্থাপনা আরও কার্যকর হবে এবং আইন লঙ্ঘনের ঘটনাও দ্রুত শনাক্ত করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন। বড় দুর্ঘটনা কমাতে নজরদারি বাড়ানোর পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে।
সড়ক ব্যবস্থাপনায় বিভিন্ন অনিয়মের বিষয়ে মন্ত্রী জানান, রাস্তার দুই পাশে দখল, সড়কের ওপর বাজার বসানো, অবৈধ বিলবোর্ড এবং অতিরিক্ত ওজন বহনকারী যানবাহনের কারণে সড়কের ক্ষতি হচ্ছে। এসব বিষয়ে জেলা প্রশাসকদের আরও কার্যকর ভূমিকা রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়াও যত্রতত্র স্পিড ব্রেকার নির্মাণ সড়ক নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে বলে তিনি মন্তব্য করেন। নদী ও সরকারি জমি দখলমুক্ত রাখার দিকেও তিনি গুরুত্বারোপ করেন।
আসন্ন ঈদকে সামনে রেখে যানজট নিরসনে বিভিন্ন পরিকল্পনার কথা জানান মন্ত্রী শেখ রবিউল আলম। গত ঈদে চন্দ্রা ও যমুনা সেতু এলাকায় যানবাহনের চাপ ছিল। এবার সেসব স্থানে সড়ক প্রশস্তকরণ এবং ট্রাফিক ব্যবস্থাপনা জোরদারের পরিকল্পনা নেওয়া হয়েছে। গতবার ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচলে নিষেধাজ্ঞা পুরোপুরি কার্যকর করা না গেলেও এবার তা কঠোরভাবে বাস্তবায়নের চেষ্টা করা হবে বলে তিনি জানান। তবে কোরবানির পশু পরিবহনের কারণে বাড়তি চাপের বিষয়টিও বিবেচনায় রাখা হয়েছে।
সড়কে ও হাটে চাঁদাবাজি প্রসঙ্গে মন্ত্রী বলেন, এটি একটি অপরাধ এবং যারা চাঁদাবাজি করছে তাদের আইনের আওতায় আনা হবে। আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি কঠোরভাবে তদারকি করবে। এ ছাড়া বড় প্রকল্প বাস্তবায়নে জমি অধিগ্রহণের চ্যালেঞ্জ মোকাবিলায় গতি এসেছে বলে তিনি জানান। দায়িত্ব নেওয়ার সময় জমি অধিগ্রহণের হার ২০ শতাংশ থাকলেও গত দুই মাসে তা ৪৬ শতাংশে উন্নীত হয়েছে বলে তিনি উল্লেখ করেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন