মে ১২, ২০২৬, ১২:১২ পিএম
শেয়ারবাজার, বিনিয়োগ ও আর্থিক খাত আরও শক্তিশালী করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশের বাজারে আসতে আগ্রহ দেখাচ্ছেন।মঙ্গলবার (১২ মে) বেলা ১১টার দিকে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ স্টার্ট-আপ ইনভেস্টমেন্ট কোম্পানির উদ্বোধনী ফান্ড ঘোষণা অনুষ্ঠানে অর্থমন্ত্রী এসব কথা বলেন।
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশের আর্থিক খাতে সরকার কোনো ধরনের হস্তক্ষেপ করবে না। বিশেষ করে বিনিয়োগ বরাদ্দের ক্ষেত্রেও কোনো রাজনৈতিক হস্তক্ষেপ করা হবে না বলে তিনি নিশ্চিত করেন।
অর্থমন্ত্রী আরও জানান, সরকার বর্তমানে শেয়ারবাজারসহ সামগ্রিক আর্থিক খাতকে একটি শক্তিশালী কাঠামোর ওপর দাঁড় করাতে অগ্রাধিকার দিচ্ছে। বিদেশি বিনিয়োগকারীদের ইতিবাচক মনোভাবের কথা উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের বাজারে বিনিয়োগের জন্য বৈশ্বিক উদ্যোক্তারা আগ্রহ প্রকাশ করছেন।
আর্থিক খাতের স্বচ্ছতা ও পেশাদারিত্ব বজায় রাখার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, কোনো ধরনের প্রভাব বিস্তার ছাড়াই এই খাতকে নিজস্ব গতিতে চলতে দেওয়া হবে। এতে দীর্ঘমেয়াদে দেশের অর্থনীতি উপকৃত হবে।অনুষ্ঠানে বাংলাদেশ স্টার্ট-আপ ইনভেস্টমেন্ট কোম্পানির নতুন ফান্ডের কার্যক্রমের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। সেখানে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা ও বিনিয়োগ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন