মে ১৭, ২০২৬, ০৯:৫৪ পিএম
অনলাইন জুয়ার সাইট বন্ধের জন্য ১১৬টি ওয়েবসাইটের তালিকা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বা বিটিআরসিকে দিয়েছে সিআইডি। রোববার (১৭ মে) মালিবাগে সিআইডি সদর দপ্তরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে। চলতি মাসের ১ মে থেকে আজ পর্যন্ত পরিচালিত সাইবার পেট্রোলিংয়ে এসব অবৈধ পোর্টাল শনাক্ত করা হয়।
গ্রেপ্তার করা হয়েছে আটজনকে।সংবাদ সম্মেলনে সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমেদ বলেন, আন্তর্জাতিক ও দেশীয় অনলাইন জুয়ার সাইট নিয়ন্ত্রণ ও পরিচালনার মাধ্যমে কোটি কোটি টাকা অবৈধভাবে সংগ্রহ করে বিদেশে পাচার করা হতো।
চক্রের মূলহোতাসহ গ্রেপ্তার আটজন দীর্ঘদিন ধরে এই প্ল্যাটফর্মগুলো পরিচালনা করে আসছিল। জুয়াড়িরা লেনদেনে বিকাশ, রকেট, নগদের মতো মোবাইল ব্যাংকিং সেবা, বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট এবং ক্রিপ্টো ওয়ালেট ব্যবহার করতো। এই টাকা পরে ক্রিপ্টোকারেন্সি ও অবৈধ ডিজিটাল হুন্ডির মাধ্যমে বিদেশে পাচার করা হয়েছে।
গত প্রায় ছয় মাস ধরে প্রতিদিন আনুমানিক এক কোটি ৮০ লাখ থেকে দুই কোটি টাকা অবৈধভাবে লেনদেন করতো এই চক্রটি।অবৈধ লেনদেনের সঙ্গে সংশ্লিষ্ট ৮৭৯টি মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস হিসাব এবং ৪৩টি ব্যাংক হিসাব শনাক্ত করে সেগুলোর তথ্য বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটে পাঠানো হয়েছে। সিআইডির সাইবার পুলিশ সেন্টার ধারাবাহিক দুটি সফল অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ডিজিটাল ডিভাইস ও আলামত উদ্ধার করে। জব্দ করা আলামতের মধ্যে ১৩টি মোবাইল ফোন রয়েছে, যার মধ্যে প্রথম অভিযানে সাতটি এবং দ্বিতীয় অভিযানে ছয়টি মোবাইল ফোন উদ্ধার হয়।
মোট ২০টি সিম কার্ড জব্দ করা হয়েছে। এর মধ্যে প্রথম অভিযানে দুটি এজাহারভুক্ত বিকাশ এজেন্ট সিম এবং দ্বিতীয় অভিযানে বিভিন্ন অপারেটরের ১৮টি সিম কার্ড উদ্ধার করা হয়।সুন্দরবন কুরিয়ার সার্ভিসের কাস্টমার কপিসহ দেশের বিভিন্ন প্রান্তে ভুয়া এজেন্ট সিম পাঠানোর একাধিক কুরিয়ার রশিদও জব্দ হয়েছে।
জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা অনলাইন গ্যাম্বলিং ও ডিজিটাল হুন্ডি কার্যক্রমের সঙ্গে তাদের সরাসরি সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। পাচার হওয়া অর্থ উদ্ধারে বিএফআইইউ ও আন্তর্জাতিক আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করছে সিআইডি। জিজ্ঞাসাবাদ ও তদন্তের মাধ্যমে চক্রটির আন্তর্জাতিক নেটওয়ার্ক ও ক্রিপ্টো ওয়ালেট শনাক্তের কার্যক্রম চলমান রয়েছে। কোনো বাংলাদেশি নাগরিক বিদেশ থেকে এসব সাইট পরিচালনা করছে কি না তা তদন্তাধীন রয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন