মে ১৮, ২০২৬, ০৩:৪২ পিএম
মার্কিন নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেতে সরকার র্যাবের নাম পরিবর্তন করার বিষয়ে চিন্তাভাবনা করছে। সোমবার দুপুরে রাজধানীর কুর্মিটোলায় র্যাব সদর দপ্তরে বাহিনীর ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এই তথ্য নিশ্চিত করেছেন। একটি নতুন ফোর্স রিনেম বা রেইজ করা হলে যুক্তরাষ্ট্র হয়তো তাদের দেওয়া নিষেধাজ্ঞা পুনর্বিবেচনা করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
আগামী দিনে সম্পূর্ণভাবে মানবাধিকার সমুন্নত রেখে বাহিনীর সব কর্মকাণ্ড পরিচালিত হবে বলে তিনি জানান। এলিট ফোর্স হিসেবে এটি নতুন আইনের অধীনে থাকবে।স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এই এলিট ফোর্সের জন্য সম্পূর্ণ নতুন একটি আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
ফ্যাসিবাদী শাসনামলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সাবেক সরকার প্রধান শেখ হাসিনা র্যাবকে নিজের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেছিলেন। একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের উগ্র বাসনা থেকে তিনি পুলিশ, সেনাবাহিনী ও বিজিবির মতো প্রতিষ্ঠানগুলোকেও অপব্যবহার করেন।
মূলত রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহৃত হওয়ার কারণেই ২০২১ সালে র্যাবের তৎকালীন সাত কর্মকর্তার ওপর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দেয়। সেই স্যাংশন এখনো বহাল আছে। তবে কিছু কর্মকর্তার কারণে প্রতিষ্ঠান হিসেবে র্যাব ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মন্ত্রী উল্লেখ করেন।বর্তমানে র্যাব মূলত আর্মড পুলিশ ব্যাটালিয়নের আইনে পরিচালিত হচ্ছে। অ্যাডহক ভিত্তিতে এই পরিচালনা পদ্ধতি সঠিক ছিল না। তাই সরকার একটি আলাদা আইন তৈরি করার জন্য ইতোমধ্যে বিশেষজ্ঞ কমিটি গঠন করে দিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী নিজে তদারকি করছেন। বিশেষজ্ঞরা এখন কাজ করছেন। নতুন আইনে বাহিনীর অথরিটি ও রেস্পন্সিবিলিটি ফিক্স করা থাকবে। একই সঙ্গে বাহিনীর স্বচ্ছতাও নিশ্চিত করা হবে।
কিছু কর্মকর্তার ব্যক্তিগত অপরাধের দায় পুরো বাহিনী নিতে পারে না। বিপথগামী ওই সব কর্মকর্তাকে বিচারের আওতায় আনতে সরকার ইতোমধ্যে কঠোর অনুশাসন দিয়েছে। নিজস্ব আইনের আওতায় তাদের অ্যাকাউন্টেবল করা হবে। জনপ্রত্যাশা অনুযায়ী জননিরাপত্তা নিশ্চিত করতে দেশে একটি এলিট ফোর্স অবশ্যই দরকার হবে বলে স্বরাষ্ট্রমন্ত্রী জানান। তাই র্যাব বিলুপ্ত করার পরিবর্তে এর বর্তমান সমস্ত ইকুইপমেন্টস, লজিস্টিকস এবং ট্রেনিং সুবিধা নতুন কাঠামোতে স্থানান্তর করা হবে। আগামীতে দেশে পরিপূর্ণ আইনের শাসন প্রতিষ্ঠাই সরকারের মূল লক্ষ্য।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন