জুন ৮, ২০২৬, ০৭:২৭ পিএম
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাস্তবায়নাধীন পানি শোধনাগার প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে চলছে। আগামী এক বছরের মধ্যে এটি পুরোপুরি সম্পন্ন হবে। প্রকল্পটি চালু হলে ঢাকা মহানগরীতে দৈনিক ৫০ কোটি লিটার নিরাপদ পানি সরবরাহ সম্ভব হবে।
সোমবার গন্ধর্বপুরে ঢাকা এনভায়রনমেন্টালি সাসটেইনেবল ওয়াটার সাপ্লাই প্রজেক্ট এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি।
মন্ত্রী বলেন, প্রকল্পটির কাজ প্রায় শেষের দিকে। মূল শোধনাগার ও অবকাঠামোর ৯৭ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। সামান্য কিছু বাকি আছে যা দ্রুত শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে।প্রায় ১০ হাজার কোটি টাকা ব্যয়ের এই প্রকল্প সফলভাবে বাস্তবায়িত হলে ঢাকার ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা উল্লেখযোগ্য হারে কমবে।
মন্ত্রী জানান, প্রথম পর্যায়ের কাজ শেষ হওয়ার পর আরও ৫০ কোটি লিটার পানি সরবরাহের লক্ষ্যে আরেকটি প্রকল্পের পরিকল্পনা রয়েছে। এই দুটি প্রকল্প মিলিয়ে প্রতিদিন ১০০ কোটি লিটার ভূ-উপরিস্থ বা সারফেস ওয়াটার সরবরাহ করা যাবে।
প্রকল্প কর্মকর্তারা জানিয়েছেন, এর মাধ্যমে প্রায় ৪৩ লাখ মানুষ সরাসরি উপকৃত হবেন। পাশাপাশি শীতলক্ষ্যা নদীর দূষণ ঝুঁকি মোকাবিলাসহ দীর্ঘমেয়াদী পানি ব্যবস্থাপনায় এটি গুরুত্বপূর্ণ মাইলফলক হবে।পরিদর্শনকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির, পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সি ও রূপগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন