বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬,

বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির প্রথম দাপ্তরিক কার্যক্রম শুরু আজ

জাতীয় ডেস্ক

জুলাই ২৮, ২০২৬, ১২:১৫ পিএম

বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির প্রথম দাপ্তরিক কার্যক্রম শুরু আজ

ছবি : সংগৃহীত

দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো রাষ্ট্রপতির কার্যালয় বঙ্গভবনে আনুষ্ঠানিকভাবে নিজেদের দাপ্তরিক কার্যক্রম শুরু করতে যাচ্ছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। মঙ্গলবার দুপুরে তিনি বঙ্গভবনে উপস্থিত হয়ে নিয়মিত প্রশাসনিক ও রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনা করবেন। সংশ্লিষ্ট সরকারি সূত্র জানিয়েছে, নির্ধারিত সূচি অনুযায়ী দুপুরে তিনি বঙ্গভবনে পৌঁছাবেন এবং রাষ্ট্রপতির দাপ্তরিক দায়িত্বের অংশ হিসেবে গুরুত্বপূর্ণ কার্যক্রমে অংশ নেবেন।

এর আগে গত শুক্রবার মো. সাহাবুদ্দিন পদত্যাগ করার পর সংবিধানের বিধান অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি বিভিন্ন রাষ্ট্রীয় কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন। 

গত রবিবার সকালে তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধে উপস্থিত হয়ে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন এবং পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।সাভার থেকে ফিরে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজারেও শ্রদ্ধা জানান। রাষ্ট্রপতির কার্যালয়ে এই প্রথম দাপ্তরিক কার্যক্রম শুরুর মধ্য দিয়ে রাষ্ট্রপ্রধানের সাংবিধানিক দায়িত্ব পালনে তাঁর তৎপরতা আরও সুদৃঢ় হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করছেন।