আগস্ট ১, ২০২৬, ১১:৪৫ এএম
বর্তমান সংসদের দিকে দেশের ১৮ কোটি মানুষের ৩৬ কোটি চোখ নিবদ্ধ রয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেছেন, সাধারণ মানুষ চায় সংসদ সদস্যরা জ্ঞানগর্ভ আলোচনা, গঠনমূলক সমালোচনা ও যুক্তি-তর্কের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করে জনগণের কাঙ্ক্ষিত প্রত্যাশা পূরণ করবেন। সম্প্রতি বাংলাদেশ সংবাদ সংস্থাকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এই কথা বলেন।
বর্তমান সংসদকে বিশ্বের ইতিহাসেও একটি ব্যতিক্রমী `মজলুমের সংসদ` হিসেবে উল্লেখ করেছেন তিনি।ভারপ্রাপ্ত স্পিকার জানান, এই সংসদের অধিকাংশ সদস্যই অতীতে ফাঁসির মঞ্চ, গুম, আয়নাঘর, নির্যাতন কিংবা কারাবরণের মতো কঠিন অভিজ্ঞতার মধ্য দিয়ে এসেছেন। তিনশ পঞ্চাশ জন সদস্যের প্রায় নিরানব্বই শতাংশই এই সংগ্রামী পটভূমি থেকে উঠে এসেছেন।
তিনি আরও বলেন, সংসদ সদস্যদের প্রতিদিনের কার্যক্রম গ্রামের সাধারণ মানুষও মোবাইল ফোনের মাধ্যমে অবলোকন করছেন, যা এই প্রতিষ্ঠানের প্রতি মানুষের গভীর আগ্রহ ও আস্থার প্রমাণ দেয়।গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকার ও বিরোধী দল উভয়কেই কাঁধে কাঁধ মিলিয়ে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। তিনি বলেন, দেশের সামগ্রিক উন্নয়ন এবং রাজনৈতিক চর্চার মূল কেন্দ্রবিন্দু হওয়া উচিত এই মহান জাতীয় সংসদ।
এখানে সরকারি দল যেমন কথা বলার পূর্ণ সুযোগ পাচ্ছে, তেমনি বিরোধী দলও গঠনমূলক সমালোচনা করার অবারিত সুযোগ উপভোগ করছে।জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের প্রত্যাশা এবং দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার পুরোপুরি নিশ্চিত করতে জাতীয় সংসদ কার্যকর ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন