রবিউল এহ্সান রিপন
ফেব্রুয়ারি ১, ২০২৬, ০১:০১ পিএম
ছবি-দিনাজপুর টিভি
রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য একটি বিশেষ দল ধর্মীয় কার্ড ব্যবহার করে জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (১ ফেব্রুয়ারি) সকালে ঠাকুরগাঁও-১ আসনের মোহাম্মদপুর ইউনিয়নের কাজীপাড়া এলাকায় নির্বাচনী গণসংযোগকালে তিনি এ মন্তব্য করেন।
গণসংযোগকালে মির্জা ফখরুল বলেন, আমাদের মা-বোনেরা অত্যন্ত সরল। একটি দল তাদের কাছে কোরআন শিক্ষার নাম করে প্রচার করছে যে—নির্দিষ্ট মার্কায় ভোট দিলে নাকি বেহেশতে যাওয়া যাবে। আল্লাহ কোথাও বলেননি কোনো বিশেষ প্রতীকে ভোট দিলে বেহেশত পাওয়া যাবে।
আল্লাহর নির্দেশ পালন করলেই কেবল বেহেশত লাভ সম্ভব। তারা এসব মিথ্যা কথা বলে মানুষকে বিভ্রান্ত করছে।নির্বাচন নিয়ে দেশি-বেশি ষড়যন্ত্রের কথা উল্লেখ করে তিনি বলেন, কিছু লোক নির্বাচন বাঞ্চচাল করার চেষ্টা করবে। কিন্তু এবারের নির্বাচন কেউ বন্ধ করতে পারবে না। দেশের মানুষ জেগে উঠেছে, তারা নিজেদের ভোট নিজেরাই দেবে।
বিএনপি ক্ষমতায় এলে জনকল্যাণমূলক বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে মহাসচিব বলেন, বিএনপি ক্ষমতায় এলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মাফ করে দেওয়া হবে। এছাড়া মায়েদের জন্য `ফ্যামিলি কার্ড` এবং কৃষকদের জন্য `কৃষি কার্ড` প্রবর্তন করা হবে। বেকার সমস্যা সমাধানে প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে আগামী ১৮ মাসে ১ কোটি শিক্ষিত বেকারের কর্মসংস্থানের ব্যবস্থা করবে এবং দেশে শান্তি-শৃঙ্খলা ও সব ধর্মের মানুষের সহাবস্থান নিশ্চিত করবে।