রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

৫ আগস্টের পর এই রাষ্ট্রপতি না থাকলে অরাজকতা সৃষ্টি হতো: মির্জা ফখরুল

দিনাজপুর টিভি ডেস্ক

এপ্রিল ৩০, ২০২৬, ১০:৫৬ পিএম

৫ আগস্টের পর এই রাষ্ট্রপতি না থাকলে অরাজকতা সৃষ্টি হতো: মির্জা ফখরুল

সংসদে মির্জা ফখরুল

চব্বিশের ৫ আগস্টের পর যদি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন না থাকতেন তবে দেশে অরাজকতা সৃষ্টি হতো বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাঁর বক্তব্যে সংবিধানের গুরুত্ব তুলে ধরে বলেন, সংবিধান মানুষের আবেগের সঙ্গে জড়িত এবং এটি অস্তিত্বের সঙ্গে মিশে আছে। তাই সংবিধান নিয়ে কথা বলা আবশ্যক বলে তিনি মনে করেন। 

তিনি উল্লেখ করেন, ৫ আগস্ট পরবর্তী সংকটময় মুহূর্তে রাষ্ট্রপতির অবস্থান অস্থিতিশীল পরিস্থিতি এড়াতে সহায়তা করেছে।সংসদ অধিবেশনে তারেক রহমান ও ড. ইউনূসের লন্ডন বৈঠক নিয়ে সমালোচনার জবাবে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ওই লন্ডন বৈঠকের কারণেই বর্তমানে সবাই সংসদে বসার সুযোগ পেয়েছে। 

তিনি তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে জানান, তারেক রহমান দেশ গড়ার পরিকল্পনা নিয়ে দিনে ১৮ ঘণ্টা কাজ করছেন এবং দেশের মানুষ এখন তাঁর নেতৃত্বের দিকেই তাকিয়ে আছে।মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, খালেদা জিয়া সারা জীবন সংগ্রাম করেছেন। জিয়াউর রহমানের মৃত্যুর পর তিনি বাংলাদেশের সার্বভৌমত্বের পতাকা হাতে তুলে নিয়েছিলেন। 

গণতন্ত্রের জন্য তাঁর এই ত্যাগ ও সংগ্রাম এশিয়ায় বিরল বলে তিনি দাবি করেন।অধিবেশনে তিনি আরও জানান, তারেক রহমানের রক্তে দেশ গড়ার পরিকল্পনা মিশে আছে। জাতিকে এগিয়ে নেওয়ার জন্য তাঁর দেওয়া পরিকল্পনা বা ‍‍`ভিশন‍‍` কার্যকর করতে সরকার কাজ করছে। বৃহস্পতিবারের এই আলোচনায় মির্জা ফখরুল দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জুলাই বিপ্লবের চেতনা ও পরবর্তী করণীয় নিয়ে বিশদ আলোকপাত করেন।