রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬,

নবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত

অলিউর রহমান মিরাজ

মে ১, ২০২৬, ১২:২৫ পিএম

নবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের নবাবগঞ্জে ‘দুনিয়ার মজদুর এক হও, এক হও’ স্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক মে দিবস পালিত হয়েছে। শুক্রবার (১ মে) সকাল ১০টা থেকে মটর শ্রমিক ইউনিয়নসহ সরকারি-বেসরকারি বিভিন্ন সংগঠনের উদ্যোগে শোভাযাত্রা, শ্রমিক সমাবেশ ও আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালন করা হয়।

দিবসটি উপলক্ষে উপজেলার ডাকবাংলোর সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় ডাকবাংলো চত্বরে এসে মিলিত হয়। সেখানে মাঠ-ঘাট ও কলকারখানায় খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের গৌরবময় ইতিহাস স্মরণ করে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মটর শ্রমিক ইউনিয়ন (১১৬৭)-এর সভাপতি আবু সায়েম রিপনের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. সাজিদ উল মাহমুদ। তিনি তাঁর বক্তব্যে শ্রমিকের মর্যাদা ও অধিকার রক্ষায় সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করেন। 

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, উপজেলা শ্রমিক দলের সভাপতি আশরাফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম খাজা।আলোচনা সভায় বক্তারা বলেন, শ্রমিকরাই দেশের অর্থনীতির চালিকাশক্তি। তাঁদের ন্যায্য মজুরি ও কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করা মে দিবসের অন্যতম লক্ষ্য।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আনোয়ার হোসেন ও সাবেক ছাত্রনেতা মহরম আলীসহ স্থানীয় শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।বিপুল সংখ্যক শ্রমিকের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজিত এই কর্মসূচির শেষ পর্যায়ে একটি বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া শেষে শ্রমিকদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। দিবসটি পালন উপলক্ষে উপজেলার বিভিন্ন স্থানে ব্যানার ও ফেস্টুন দিয়ে সাজানো হয়।