শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬,

ঘোড়াঘাটে বর্ণাঢ্য র‍্যালিতে মে দিবস পালন করল শ্রমিক দল

দিনাজপুর টিভি ডেস্ক

মে ১, ২০২৬, ০২:৫৮ পিএম

ঘোড়াঘাটে বর্ণাঢ্য র‍্যালিতে মে দিবস পালন করল শ্রমিক দল

ঘোড়াঘাটে শ্রমিক দলের র‍্যালি। ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের ঘোড়াঘাটে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করেছে উপজেলা শ্রমিক দল। শুক্রবার (১ মে) সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল ঘোড়াঘাট উপজেলা শাখার উদ্যোগে এসব কর্মসূচি পালন করা হয়।দিবসটি উপলক্ষে সকাল ১১টায় উপজেলার রানিগঞ্জ বাজার বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। 

র‍্যালিটি বাজারের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ শেষে লিটন মার্কেটে এসে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়। কর্মসূচিতে ঘোড়াঘাট উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মো. জালাল উদ্দিন সরকারের সভাপতিত্বে ও সদস্য সচিব মনিরুজ্জামান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. মাহবুবুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু সাঈদ মিয়া।

আলোচনা সভায় বক্তারা ১৮৮৬ সালের ১ মে শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের লড়াইয়ের ইতিহাস স্মরণ করেন। তাঁরা বলেন, শ্রমিকদের ন্যায্য মজুরি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম দায়িত্ব। মে দিবসের শিক্ষাকে ধারণ করে সকল শ্রমজীবী মানুষকে নিজেদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বক্তারা।

অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে দিবসটি উদযাপন উপলক্ষে আয়োজকদের পক্ষ থেকে উপস্থিত সবার মাঝে মিষ্টি বিতরণ করা হয়।