শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬,

মে দিবস উদযাপনে বীরগঞ্জে শ্রমিকদের বর্ণাঢ্য র‍্যালি ও সভা

মোঃ আরিফ ইসলাম

মে ১, ২০২৬, ০৩:৪৮ পিএম

মে দিবস উদযাপনে বীরগঞ্জে শ্রমিকদের বর্ণাঢ্য র‍্যালি ও সভা

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের বীরগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মহান মে দিবস পালিত হয়েছে। শুক্রবার (১ মে) সকাল থেকেই উপজেলা জুড়ে রাজনৈতিক ও শ্রমিক সংগঠনগুলোর পক্ষ থেকে নানা কর্মসূচির আয়োজন করা হয়।দিবসটি উপলক্ষে সকালে বীরগঞ্জ পৌর শহরে এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন ট্রেড ইউনিয়ন, শ্রমিক ও পেশাজীবী সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন। 

র‍্যালি চলাকালে শ্রমিকদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার সপক্ষে বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে বীরগঞ্জ পৌর এলাকা।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য মো. মনজুরুল ইসলাম। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং রাজনৈতিক নেতৃবৃন্দ। সমাবেশে পৌর বিএনপির সভাপতি আমিরুল বাহার, সহ-সভাপতি হাবিবুর রহমান হাবলু, উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শাহজাহান সিরাজ শিপন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের আহ্বায়ক আজাহারুল ইসলাম রাজাসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

এছাড়াও উপজেলা রিকশা ও ভ্যান চালক ইউনিয়ন এবং অটোবাইক চালক শ্রমিক কল্যাণ সংগঠনসহ বেশ কিছু স্থানীয় শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা ব্যানারসহ র‍্যালিতে অংশ নেন।র‍্যালি পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথি মো. মনজুরুল ইসলাম বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে শ্রমজীবী মানুষের অবদান অনস্বীকার্য। শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও মালিকপক্ষকে একযোগে কাজ করতে হবে।

আলোচনা সভায় অন্য বক্তারা মহান মে দিবসের ঐতিহাসিক চেতনা ধারণ করে শ্রমিক ও মালিকের মধ্যে সুসম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, উৎপাদনশীলতা বৃদ্ধি ও টেকসই উন্নয়নের জন্য শ্রমিকের অধিকার রক্ষা করা জরুরি। দিনব্যাপী নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে বীরগঞ্জে এবারের মে দিবস উদযাপন শেষ হয়।